২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে পাকিস্তানে পাঠানোর হুমকি হানিফের

আগামীতে জাতীয় শোক দিবসে জন্মদিন পালন করলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 11:54 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে বক্তব্যে এই হুমকি দেন তিনি।

হানিফ বলেন, “এ কেক কাটার মাধ্যমে আপনি প্রমাণ করছেন, আপনি বাংলাদেশের নাগরিক না। আপনি পাকিস্তানের নাগরিক। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিশ্বাস করেন না। যে সব বিএনপি নেতা এটাকে সমর্থন করেন, তারাও পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী।

“ভবিষ্যতে জাতীয় শোকের দিনে শ্রদ্ধাঞ্জলির বদলে জন্মদিনের নামে উৎসব করলে বাংলার মানুষ আপনাকে পাকিস্তানে পাঠিয়ে দেবে।”

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দিনে খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা রয়েছে। খালেদার আরও জন্মদিনের হদিসও পাওয়া যায়।

হানিফ বলেন, “৭০ বছর বয়সে উনি কেক কেটে জন্ম দিন পালন করেন, তাও আবার মিথ্যা জন্মদিন। কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে উনারা কেক কাটেন না। কোনো নেতার জন্মদিন পালন করেন না। পাকিস্তানি এজেন্ট হিসেবে, পাকিস্তানের প্রেসক্রিপশনে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীর দিনে উৎসব করেন।”

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে উৎখাতে বিএনপি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেন হানিফ।  

সমাবেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, “২০১৯ সালের নির্বাচনে বিএনপি না এলে বিএপির কোনো অস্তিত্ব থাকবে না, আপনি (খালেদা) জামায়াতের আমির থেকে মুসলিম লীগের আমির হবেন।

“দলকে বাঁচাতে হলে অন্যায়, পাপ, ভণ্ডামী ছেড়ে রাজপথে আসুন, তওবা কাটুন। তাহলে বাংলার মানুষ কিছুটা হলেও মুখ ফিরিয়ে আনতে পারে।”

২০০৫ সালের ১৭ অগাস্ট দেশব্যাপী জেএমবির বোমা হামলার দিনটি স্মরণে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ।

সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সহ-সভাপতি মুকুল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।