২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের সাড়ার অপেক্ষায় কোকোর স্ত্রী-মেয়ের এমআরপি

খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই মেয়ের মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) আবেদনের বিষয়ে করণীয় জানতে সরকারের সাড়ার অপেক্ষায় রয়েছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামাল হোসেন তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 10:39 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

এরই মধ্যে এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সম্প্রতি কোকোর স্ত্রী সৈয়দা শামীলা রহমান, বড় মেয়ে জাহিয়া রহমান ও ছোট মেয়ে জাফিরাহ রহমান নতুন পাসপোর্টের জন্য আবেদন করেন।

ওই আবেদনে তিন জনই স্থায়ী ঠিকানা হিসেবে বনানী ডিওএইচএস এর একটি বাড়ির ঠিকানা উল্লেখ করেছেন। আর বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে বনানীর ১৩ নম্বর সড়কের একটি বাড়ি।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার বেঁধে দেওয়া সময় অনুযায়ী ২৪ নভেম্বরের পর সবাইকে বাধ্যতামূলকভাবে এমআরপি ব্যবহার করতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাসপোর্ট অফিস গত ১২ অগাস্ট মেশিন রিডেবল পাসপোর্টের জন্য তাদের আবেদনের বিষয়টি অবহিত করে একটি চিঠি পাঠায়, যা আমরা হাতে পেয়েছি ১৩ তারিখ।”

পাসপোর্ট ও পরিকল্পনা শাখার পরিচালক এ কে এম মাজহারুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, “আবেদনের প্রেক্ষিতে বর্ণিত ব্যক্তিদের অনুকূলে মেশিন রিডেবল পাসপোর্ট প্রদানের ব্যাপারে সদয় সরকারি সিদ্ধান্ত জানানোর জন্য অনুরোধ করা হল।”

মুদ্রা পাচারের মামলায় ছয় বছরের সাজা নিয়ে মালয়েশিয়ায় পালিয়ে থাকা অবস্থায় গত ২৪ জানুয়ারি মারা যান আরাফাত রহমান কোকো।

কোকোর মৃত্যুর পর লাশের সঙ্গে স্ত্রী ও দুই কন্যা দেশে এলেও আবারও তারা মালয়শিয়া ফিরে যান।

সেখানকার স্কুলে দুই মেয়ে পড়াশোনা করছেন বলে বিএনপি জানিয়েছে।

পুরনো খবর:

২৪ নভেম্বরের পর চলবে না হাতেলেখা পাসপোর্ট
মেয়েদের নিয়ে মালয়েশিয়া ফিরে গেলেন কোকোর স্ত্রী