২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানবতার পক্ষে থাকলে বঙ্গবন্ধুর খুনিকে ফেরৎ দিন’

যুক্তরাষ্ট্রে আশ্রিত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিকে ফেরৎ দেওয়ার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 07:51 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার এক আলোচনায় যুক্তরাষ্ট্র সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা যদি মানবতার পক্ষের হয়ে থাকেন তবে বঙ্গবন্ধুর খুনিদের আইনের হাতে ফেরৎ দিন। দুঃখ লাগে যখন দেখি, যারা মানবতার কথা বলে তারাই আবার আত্মস্বীকৃত খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেয়।”

১৯৭৫ সালের ১৫ অগাস্ট পরিবারের অধিকাংশ সদস্যসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ছয়জন এখনও পলাতক আছেন।

পলাতকদের মধ্যে রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র রাজনৈতিক আশ্রয় দিয়েছে বলে সম্প্রতি দেশটির রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে জানিয়েছেন।

বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ‘রোগীর সেবায় হই আরো যত্নবান’ শিরোনামে ৪০ দিনব্যাপী কর্মসূচি পালন করছে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই কর্মসূচির অংশ হিসাবে রোববার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এই আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা দেখাতে হলে চিকিৎসাসহ অন্যান্য সেবাখাতে কর্মরতদের বেশি করে দায়িত্বপালন করতে হবে।

“বঙ্গবন্ধু জনগণের সেবা করতে গিয়ে জীবন উৎসর্গ করে গেছেন। আমরা তার অনুসারীরা মানুষের সেবা করার মাধ্যমে তাকে সম্মান দেখাব।”

জাতীয় শোক দিবসে কেক কেটে জন্মদিন উদযাপনের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করেন নাসিম।

তিনি বলেন, “জাতির শোকের দিনে আপনি ৭০ বছর বয়সে কেক কেটে, ঘটা করে জন্মদিন পালন করেন। সারা দেশের মানুষ যখন শোক করে, আপনি তখন উল্লাস করেন। ২০১৯ সালের নির্বাচনে জনগণ এর জবাব দেবে।”

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, লেখক সৈয়দ শামসুল হক, ঢাকায় ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ আলোচনায় অংশ নেন।

তথ্যমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু ইতিহাসের একটি প্রান্তে দাঁড়িয়ে বাঙালি জাতির জন্য অনেকগুলো গুরুত্বপূ্র্ণ সিদ্ধান্ত দিয়েছেন, যা কেবলমাত্র একজন সত্যিকারের জাতীয় নেতার পক্ষেই সম্ভব। তিনি আমাদের জন্য একটি ভাষা ঠিক করে গেছেন। পাকিস্তান আন্দোলনের সমর্থক হয়েও সময়ের প্রয়োজনে বাংলাদেশকে পাকিস্তানি রাষ্ট্রকাঠামো থেকে বের করেছেন।

“বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে খুনিরা বাংলাদেশকে হত্যার চেষ্টা চালিয়েছিল। জাতির আত্মাকে হত্যার চেষ্টা করেছিল। মুক্তিযুদ্ধের চেতনাকে আস্তাকুড়ে পাঠিয়েছিল। যুদ্ধাপরাধী, ৭১ এর পরাজিত ‍শক্তিকে পুনর্বাসনের চেষ্টা শুরু হয়েছিল। কিন্তু কালের প্ররিক্রমায় তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে। খুনিদের দোসররা ক্ষমতাচ্যুত হওয়ার মাধ্যমে তাদের সব চেষ্টা থেমে গেছে।”

তবে বাংলাদেশ নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে মন্তব্য করে জাসদ সভাপতি ইনু বলেন, “তার মানে এই নয় যে, বাংলাদেশ শঙ্কামুক্ত। আমরা এখনও খুনিদের হুমকির মধ্যে রয়েছি। এখনও কিছু ‘সুশীল’  একটি বিশেষ গোষ্ঠীর পক্ষ থেকে সংবিধান সংশোধনীর কথা বলে।”

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, “দেশে আপাতদৃষ্টিতে দুষ্টুরা থমকে গেছে মনে হলেও সঙ্কট এখনও বিদ্যমান।

“ভেবেছিলাম খালেদা জিয়া এবার থেকে জাতীয় শোকের দিনে কেক কাটা বন্ধ রেখেছেন, কিন্তু দিনশেষে তিনি সবাইকে হতাশ করলেন।”

পঙ্কজ শরণ বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকাণ্ডের দিনটি কেবল বাংলাদেশ কিংবা দক্ষিণ এশিয়ার জন্য নয়, বিশ্বের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন। এদিন বাংলাদেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে সপরিবারে হত্যা করা হয়েছে।

“১৯৭১ সালে তিনি এই বাংলায় গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। পাশাপাশি আইনের শাসন ও জাতির স্বাধীনতার জন্য প্রচেষ্টা চালিয়ে গেছেন।

“বাংলাদেশের কোটি মানুষের সঙ্গে ভারতীয় জনগণের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাই। ভারতের প্রায় সব রাজনৈতিক দলের কাছে বঙ্গবন্ধু সমানভাবে সম্মানিত ছিলেন।”