২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা ঘৃণ্যতম কাজ করেছেন: নাসিম

জাতীয় শোক দিবসে জন্মদিন পালন করে খালেদা জিয়া ঘৃণ্যতম কাজ করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 05:34 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

রোববার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নাসিম বলেন, “খালেদা ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে কেক কেটে ভুয়া জন্মদিন পালন করে মানুষের অনুভূতিতে আঘাত দিয়েছেন, যা লজ্জা ও ঘৃণ্যতম কাজ।”

‘সুষম উন্নয়নঃ উত্তরাঞ্চলের অবস্থান’ শীর্ষক ওই আলোচনার সভার আয়োজন করে নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম।

বিএনপি নেতাদের ভাষ্য অনুযায়ী, শনিবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বয়স ৭০ বছর পূর্ণ হয়েছে।

যদিও তার একাধিক জন্মদিন ও জন্মসালের হদিস পাওয়া যায়।

১৫ অগাস্ট প্রথম প্রহরে কেক না কাটলেও শনিবার সূর্যাস্তের পর জন্মদিন উদযাপন করেন বিএনপি চেয়ারপারসন। 

নাসিম বলেন, “বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন স্বাধীনতা দিবস পালন করে না। অথচ যে বয়সে নাতি-নাতনির জন্মদিনের কেক কাটার কথা, সে বয়সে খালেদা জিয়া ঘটা করে ভুয়া জন্মদিন পালন করে। শোক দিবসে এই ঘৃণ্য কাজের জন্য ২০১৯ সালের নির্বাচনে জনগণ এর জবাব দেবে।”

দেশের সার্বিক উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, “সরকারের ধারাবাহিকতার আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে এখন নিম্ন মধ্যম আয়ের দেশ। এর জন্যই দারিদ্র্য বিমোচন ও জঙ্গি দমন সম্ভব হচ্ছে।”

নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সভাপতি মদাব্বের হোসেনের সভাপতিত্বে বার্ষিক সভায় আরও উপস্থিত ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম, জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জি এম কাদের প্রমুখ।