‘বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়’
বঙ্গবন্ধুকে হত্যার পিছনে আন্তর্জাতিক চক্রান্ত কাজ করেছিল দাবি করে সেই ‘ষড়যন্ত্রকারীদের’ সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সতর্ক হতে বলেছেন সিপিবি নেতা মনজুরুল আহসান খান।
জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর মুক্তিভবনে সিপিবি আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “কেবলমাত্র কয়েকজন সামরিক লোকের অপচেষ্টায় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়নি, এই হত্যাকাণ্ডের পেছনে বিভিন্ন আন্তর্জাতিক চক্রের ষড়যন্ত্র ছিল।”
‘সেই ষড়যন্ত্র এখনও সক্রিয় আছে’ মন্তব্য করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, “আপনি এসব কারণ খুঁজে বের করুন। অন্যথায় আপনিও নিরাপদ নন।”
বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করতে গিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টামণ্ডলীর সদস্য মনজুরুল আহসান বলেন, “নেতা হিসাবে একমাত্র বঙ্গবন্ধুই সমগ্র বাংলাদেশকে তার বুকে ধারণ করতে পেরেছিলেন। সাম্প্রদায়িক দলে তার রাজনৈতির সূচনা হলেও পরিবর্তনশীলতার মধ্য দিয়ে তার মাঝে আদর্শিক উন্নতি সাধিত হচ্ছিল। তার মাঝে পরিবর্তনগুলো ছিল প্রগতিশীল, ইতিবাচক।”
প্রবীণ বাম নেতা মনজুরুল বলেন, “স্বাধীনতার পর বঙ্গবন্ধুর অনেক পদক্ষেপ এদেশের গরীব, মেহনতি মানুষের জন্য হলেও তার দলের নেতাকর্মীরা এর সঙ্গে একমত হতে পারেনি।
“সেই সময় আওয়ামী লীগের কার্যক্রম শেখ মুজিবের নীতি অনুযায়ী ছিল না বলেই শেখ সাহেবকে হোঁচট খেতে হয়েছিল।”
১৫ অগাস্টের আগে খন্দকার মোশতাকসহ অন্যান্য ‘চাটুকাররা’ বঙ্গবন্ধুর চারপাশে ছিলেন মন্তব্য করে তিনি বলেন, “চাটুকাররা আবার ফিরে এসেছে। তারা শেখ হাসিনাকে দেশের প্রকৃত পরিস্থিতি বুঝতে দিচ্ছে না।
“আরেকটি বিপদ হলে এসব চাটুকারদেরও খুঁজে পাওয়া যাবে না।”
মনজুরুল আহসান খান বলেন, “স্বাধীনতার আগে ও পরে বাংলাদেশ ও ভারতের কমিউনিস্টরা আওয়ামী লীগের সঙ্গে থাকলেও নানা কারণে তারা ধীরে ধীরে সরে গেছেন।”
আওয়ামী লীগ থেকে কমিউনিস্টদের সরে যাওয়ার পিছনে নিজেদের মধ্যে ‘অনৈক্যসহ’ অন্যান্য বেশ কিছু কারণ দায়ী বলে মনে করেন তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “নেতাকর্মীদেরকে সবজান্তা ভাব ত্যাগ করতে হবে। এদেশের আপামর জনসাধারণের সঙ্গে মিলেমিশে রাজনীতি করতে হবে।”
নেতাকর্মীদের ‘বঙ্গবন্ধুর মতো সাহস ও স্বপ্ন’ বুকে নিয়ে সামনে এগোনোর পরামর্শ দেন তিনি।
সিপিবির আরেক উপদেষ্টামণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো বলেন, “একটা বিরাট আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় যেসব দেশ মেনে নিতে পারেনি তারাই এই হত্যাকাণ্ডের মাধ্যমে লাভবান হয়েছে।”
‘বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড কেবল একজন ব্যক্তিকে নয়, একটি আদর্শকে হত্যাচেষ্টা’ মন্তব্য করে রনো বলেন, “সেই প্রচেষ্টা এখনও অব্যাহত আছে।”
সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স বলেন, “স্বাধীনতাউত্তর বাংলাদেশে বঙ্গবন্ধু সাম্য ও মেহনতি মানুষের পক্ষে দাঁড়ালেও তার দল এর জন্য প্রস্তুত ছিল না। ষড়যন্ত্রকারীরা এটাকে সুযোগ হিসাবে কাজে লাগিয়েছিল।
“১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে প্রগতির চাকা যতটুকু সামনে এগিয়েছিল তা সেখানেই থামিয়ে দেওয়া হয়।”
ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতি-নির্ধারকদের উদ্দেশ্যে তিনি বলেন, “বঙ্গবন্ধু যে নীতি-আদর্শের উন্মেষ ঘটাচ্ছিলেন তার বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুকে সম্মান জানাতে হবে।”
