২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের পর্যবেক্ষণ নিয়ে সুরঞ্জিতের ক্ষোভ

নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার নিয়ে হাই কোর্টের দেওয়া পর্যবেক্ষণের কঠোর সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 05:37 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত বলছেন, এ বিষয়ে হাই কোর্টের পর্যবেক্ষণ দেওয়ার কোনো ‘সুযোগ নেই’।

শুক্রবার এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, “বিগত ৫ জানুয়ারির নির্বাচনকে বৈধ বলে দেওয়া এক রায়ে হাই কোর্ট নির্বাচনকালীন সরকার নিয়ে কিছু পর্যবেক্ষণ দিয়েছেন। কিন্তু হাই কোর্ট তো উপন্যাস লেখার জায়গা না।”

দেশে কোনো ‘সাংবিধানিক সঙ্কট’ বা ‘গণতান্ত্রিক সঙ্কট’ নেই মন্তব্য করে তিনি বলেছেন, নির্বাচন কীভাবে হবে- তা সংবিধানেই স্পষ্ট বলা আছে।

“হাই কোর্ট, সুপ্রিম কোর্ট- আপনারা বলে দিয়েছেন কয়জনের সরকার হবে?... এটা তো আপনার বলার কথা না। নির্বাহী হিসাবে প্রধানমন্ত্রী এটা ঠিক করবেন”

২০১০ সালে সুপ্রিম কোর্ট সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করায় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি অবৈধ হয়ে যায়। আদালতের নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ২০১১ সালে সংবিধান সংশোধন করলে ক্ষমতায় থাকা সরকারের অধীনেই নির্বাচনের বিধান চালু হয়। সে সময় সুরঞ্জিত ছিলেন সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান।

এরপর সে নিয়মেই ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন হয়। তত্বাবধায়ক ব্যবস্থা ফেরানোর দাবিতে আন্দোলনে থাকা বিএনপি ওই নির্বাচন বর্জন করে।  

বিরোধী জোটের বর্জনের কারণে দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা, যা নিয়ে হাই কোর্টে দুটি রিট আবেদন হয়।

বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাই কোর্ট বেঞ্চ ২০১৪ সালের ১৯ জুন রিট আবেদন দুটি খারিজ করে দেয়। এ সপ্তাহে সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করে সুপ্রিম কোর্ট। 

হাই কোর্টের ওই রায়ের পর্যবেক্ষণে আগামী দুটি সংসদ নির্বাচনে নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়ে দুটি ‘বিকল্প’ দেওয়া হয়েছে।

এর প্রথমটিতে বলা হয়েছে- বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের সদস্যদের নিয়ে ৫০ সদস্যের নির্বাচনকালীন নতুন মন্ত্রিসভা হতে পারে। সংসদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ৯০ দিন আগে থেকে ওই মন্ত্রিসভা দায়িত্ব নিতে পারে।

অপর বিকল্পে হাই কোর্ট বলেছে, সংখ্যাগরিষ্ঠ দল প্রথম চার বছর ক্ষমতায় থাকবে। আর সংসদের প্রধান বিরোধী দল শেষ বছর সরকারের দায়িত্বে থাকবে। তবে এক্ষেত্রে প্রধান বিরোধী দলকে সংখ্যাগরিষ্ঠ দলের অন্তত অর্ধেক ভোট পেতে হবে।

অবশ্য এ জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে বলেও রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেছে হাই কোর্ট।

হাই কোর্টের এই পর্যবেক্ষণকে ‘ধান বানতে শিবের গীত’ অ্যাখ্যায়িত করেছেন সাবেক মন্ত্রী সুরঞ্জিত।

তিনি বলেন, “সুপ্রিম কোর্ট এবং হাই কোর্টের প্রতি আমরা সম্মান রাখি। এ রকম অবজারভেশন দেওয়ার কোনো সুযোগ নাই। এটা নিয়ে উপন্যাস লেখার কথা না। দুঃখের সঙ্গে বলতে হয় যে, এই অবজারভেশন প্রাসঙ্গিক নয়। আপনাদের কাছে প্রত্যাশা আরও উচ্চ।”

সুরঞ্জিত বলেন, “সরকারের কাজ সরকার করবে।… নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী আরেকটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এটা নিয়ে ষড়যন্ত্র বা চক্রান্তের কোনো সুযোগ নাই।”

বিচারাধীন বিষয়ে নিবন্ধ প্রকাশের ঘটনায় আদালত অবমাননার দায়ে দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদকের সাজা হওয়ার পরদিনই উচ্চ আদালতের পর্যবেক্ষণ নিয়ে প্রবীণ আইনপ্রণেতা সুরঞ্জিতের এই বক্তব্য এলো।

তবে জাতীয় শোক দিবস উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত বঙ্গবন্ধু একাডেমির এ অনুষ্ঠানে জনকণ্ঠের অবমাননার রায় নিয়ে কোনো মন্তব্য তিনি করেননি।