২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষড়যন্ত্র করতে লন্ডন যাচ্ছেন খালেদা: আ. লীগ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসন্ন লন্ডন সফরের উদ্দেশ্য নতুন করে ষড়যন্ত্র করা বলে দাবি করেছেন আওয়ামী লীগের নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 10:39 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

লন্ডনে গিয়ে আবার ষড়যন্ত্র করলে তার পরিনাম ‘ভয়াবহ’ হবে বলেও বিএনপি চেয়ারপারসনকে হুঁশিয়ার করেছেন ক্ষমতাসীন ১৪ দলীয় মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

খালেদা জিয়া কিছু দিনের মধ্যে যুক্তরাজ্যে যেতে ভিসার আবেদন করেছেন। চিকিৎসার জন্য তার এই সফর বলে বিএনপি জানিয়েছে। খালেদার ছেলে তারেক রহমান হুলিয়া নিয়ে লন্ডনে রয়েছেন। 

১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সাম্যবাদী দলের আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, “তিনি (খালেদা) কালকে ২০ দলীয় জোটের বৈঠকে বলেছেন, ‘খবর আছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না’। তার মানে কি খবরের উৎস লন্ডনে?

“ষড়যন্ত্র অনেক করেছেন। লন্ডনে গিয়ে আর ষড়যন্ত্র করবেন না, করলে তার পরিণাম হবে ভয়াবহ।”

বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, “বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে খালেদা জিয়া একের পর এক ষড়যন্ত্র ও চক্রান্ত করে যাচ্ছেন।

“সেই ষড়যন্ত্রকে চূড়ান্ত রূপ দিতে লন্ডনে তার পুত্র তারেক রহমানের কাছে যাচ্ছেন। তিনি যতই চেষ্টা করেন না কেন তার ষড়যন্ত্রে দেশের মানুষ আর ভীত নয়।”

একই সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ভালো কথা। তিনি লন্ডন থেকে ফিরে বিএনপিকে রাজনীতির সোজা পথে, না বাঁকা পথে হাঁটাবেন, সেটাই দেখার বিষয়।”

বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব মহিলা লীগের এক আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, “বিএনপি কখনও মুক্তিযোদ্ধার দল ছিল না, জিয়াউর রহমান কখনও মুক্তিযোদ্ধা ছিলেন না। বঙ্গবন্ধুকে হত্যার পর রাজাকারদের পুনর্বাসন করেছিলেন জিয়া।

“তারই স্ত্রী খালেদা জিয়া মতিউর রহমান নিজামীকে কৃষিমন্ত্রী বানিয়েছিলেন, মুজাহিদকে সমাজকল্যাণমন্ত্রী বনিয়েছিলেন।