২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বঙ্গবন্ধুর নয়, ছাত্রলীগকে নিজেদের ইমেজ বাড়ালেই চলবে’

বঙ্গবন্ধুর ভাবমূর্তি বৃদ্ধি নিয়ে চিন্তা না করে নিজেদের ‘ইমেজ’ ভালো করার দিকে মনোযোগ দিতে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 10:00 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রলীগের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে সংগঠনের সাবেক সভাপতি কাদের বলেন, “ছাত্রলীগকে বঙ্গবন্ধুর ইমেজ বাড়াতে হবে না, বঙ্গবন্ধুর ইমেজ সুপ্রতিষ্ঠিত। ছাত্রলীগ যদি নিজের ইমেজ বাড়ায়, জ্ঞান-মেধায় নিজেদের প্রতিষ্ঠিত করে তাহলেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।”

শোকের মাসে সিলেটের মদন মোহন কলেজে ছাত্রলীগের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “এটা আসলে ছাত্রলীগের ইমেজ বাড়ায় না।”

ছাত্রলীগকে ডাকসু নির্বাচনের দাবি তোলার পরামর্শ দিয়ে তিনি বলেন, “আজকে অনেক বছর ধরে ডাকসুসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। এগুলো থাকলে ছাত্র রাজনীতির আজকের যে অশুভ প্রবণতা, অসুস্থতা তার অবসান হবে।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসন্ন যুক্তরাজ্য সফর নিয়ে ওবায়দুল কাদের বলেন, “বিদেশিদের কাছে নতুন আরেক দফা নালিশ জানানোর জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। সে কারণে হতাশ নেতাকর্মীদের চাঙ্গা করতে মধ্যরাতে সভা করেছেন।

“যখন দেখলেন নির্বাচনে অংশ নেওয়া হল না, আন্দোলনেও কিছু হল না, নেতা-কর্মীরা হতাশ; তাই মধ্যরাতে বৈঠকে বসলেন। শুনলাম দু/একটা দেশেও নাকি তিনি যাবেন। নালিশ দেওয়ার পাঁয়তারা শুরু করেছেন।”

খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাবেন বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে।

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু, সাজ্জাদ সাকিব বাদশা, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বক্তব্য দেন।