বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সমর্থন জানাতে কেক কাটেন খালেদা: আমু
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে নিজের সমর্থন প্রকাশ করতেই খালেদা জিয়া ১৫ অগাস্ট জন্মদিনের কেক কাটেন বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
১৫ অগাস্ট জাতির জনককে হত্যার দিনটি স্মরণে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “যখন খালেদা জিয়া বলেন, ১৫ অগাস্টে কেক কাটবেন না, তখন আমি তা বিশ্বাস করি না।
“কারণ আমি বিশ্বাস করি, ১৫ অগাস্টের হত্যাকাণ্ড সমর্থন করেন বলে তিনি ওই দিন কেক কাটেন। তার একেক রকম জন্মদিন থাকলেও ১৫ অগাস্টই রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে ঘটা করে জন্মদিন পালন করেন।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুই যুগ ধরে ১৫ অগাস্ট নিজের জন্মদিন উদযাপন করলেও তার আরও জন্মদিনের হদিস পাওয়া যায়।
জাতির জনককে হত্যার দিন জন্মদিন উদযাপন না করতে খালেদার প্রতি আহ্বান জানিয়ে আসছেন আওয়ামী লীগ নেতারা। তবে বিএনপি তা নাকচ করে বলছে, জন্মদিন পালন যে কারও ‘ব্যক্তিগত বিষয়’।
১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ‘ইতিহাস কথা কয়’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে আমু বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক উত্থান নিয়েও কথা বলেন।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সেনা কর্মকর্তা জিয়ার সম্পৃক্ততার অভিযোগ তুলে তিনি বলেন, “বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস, একাত্তরের চেতনাবিরোধী কার্যক্রম চালু, অস্ত্রের রাজনীতি, ভোট ডাকাতিসহ সব ধরনের কর্মকাণ্ডের সূচনা জিয়াউর রহমানের হাত ধরেই হয়েছিল।
বরাবর ১৫ অগাস্ট প্রথম প্রহরে নিজের কার্যালয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করতে দেখা যায় খালেদা জিয়াকে( ২০১৪ সালের ছবি)
“আজকে যখন খালেদা জিয়া স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নিয়ে দেশে নারকীয় হত্যাযজ্ঞ চালান, তখন আমি অবাক হই না। কারণ, জিয়ার সময়ের ঘটনাগুলো দেখেছি।”
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য।
“আজকে সংবিধান নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এই সমস্ত শক্তি সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করে আবার পাকিস্তানি কায়দায় সংবিধান রচনার স্বপ্ন দেখে। এদের উদ্দেশ্য সফল হতে দেওয়া যায় না।”
মঙ্গলবার ‘উদ্বিগ্ন নাগরিক সমাজ’ নামে নাগরিক সমাজের একদল নেতার গোলটেবিল আলোচনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় সংবিধান সংশোধনের প্রস্তাবের দিকে ইঙ্গিত করে একথা বলেন প্রবীণ রাজনীতিক আমু।
ওই বৈঠকের দিকে ইঙ্গিত করে স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ বলেন, “খালেদা জিয়া বলেছেন, এই সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না।
“আমরা কি ধরে নেব, সাকা চৌধুরী ও মুজাহিদের রায় আপিল বিভাগে নিশ্চিত হওয়ার পর দেশে হঠাৎ করে বিরাজনীতিকরণ ও অবৈধভাবে ক্ষমতা দখলের প্রক্রিয়া শুরু হয়েছে? এটা কি সাকা-মুজাহিদকে রক্ষার নতুন ষড়যন্ত্র?”
স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ‘দেশ-একটি সমন্বিত উদ্যোগ’ নামে সংগঠনের প্রধান শাহাব উদ্দিন মজুমদার, অধ্যাপক সানা উল্লাহ প্রমুখ।
প্রদর্শনীতে ছয়টি ভাগে ভারতবর্ষে ব্রিটিশ শাসন থেকে শুরু করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান আমল পর্যন্ত বিভিন্ন কর্মকাণ্ডের ৬২০টি ছবি ও তথ্যচিত্র স্থান পেয়েছে।
