টুঙ্গিপাড়ায় চট্টগ্রাম আওয়ামী লীগের মেজবান
জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেজবানের আয়োজন করছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।
বুধবার চট্টগ্রাম নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর উদ্যোগে দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়ায় এ মেজবানের আয়োজন করা হচ্ছে। এবারের আয়োজনটি ২৪তম।
এবার ১৫ অগাস্ট টুঙ্গিপাড়ায় ৩০ হাজার লোকের মেজবানের আয়োজন করা হবে। এরমধ্যে সনাতন ও বৌদ্ধ ধর্মাবলম্বী আট হাজার লোকের জন্য আলাদা খাবারের ব্যবস্থা থাকবে।
এ উপলক্ষে মহিউদ্দিন চৌধুরীর একান্ত সচিব ওসমান গণির নেতৃত্বে মোহাম্মদ হোসেন বাবুর্চিসহ একটি অগ্রবর্তী দল টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন।
ওসমান গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মুসলমানদের জন্য এবং বালাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অন্য ধর্মাবলম্বীদের জন্য খাবারের আয়োজন করা হবে।”
মেজবান উপলক্ষে ২৫টি গরু ও এক হাজার মুরগির ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।
১৩ অগাস্ট চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দান থেকে নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে গাড়িবহর টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবে।
১৪ অগাস্ট টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নগর আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হবে।
