ছাত্রদল সভাপতি ১৬ দিনের রিমান্ডে
মাদক মামলায় গ্রেপ্তার ছাত্রদল সভাপতি রাজিব আহসানকে নাশকতার আট মামলায় ১৬ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
বুধবার দুপুরে এসব মামলায় ১০ দিন করে মোট ৮০ দিন ছাত্রদল সভাপতিকে হেফাজতে (রিমান্ড ) রাখার আবেদন করে পুলিশ।
শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ প্রত্যেক মামলায় দুদিন করে মোট ১৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন রাজিবের অন্যতম আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।
গত ১৯ জুলাই রাতে কুয়াকাটা যাওয়ার পথে পটুয়াখালীর লেবুখালী ফেরি ঘাটে একটি মাইক্রোবাস থেকে পুলিশ রাজিবকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধারের দাবি করে পুলিশ।
রাজিব পটুয়াখালীর মাদক মামলা ছাড়াও ঢাকার পল্টন, মতিঝিল ও শাহবাগ থানার ২৩টি নাশকতার মামলার আসামি।
এদিকে অন্য এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বুধবার ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করে।
