জোট নেতাদের সঙ্গে খালেদার আলোচনা
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে জোটের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন খালেদা জিয়া।
৯ মাস পর বুধবার রাতে গুলশানে নিজের কার্যালয়ে রাজনৈতিক জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন বিএনপি চেয়ারপারসন।
দেড় ঘণ্টার বৈঠকের পর জোটের অন্যতম শরিক জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান কাজী জাফর আহমদ সাংবাদিকদের বলেন, “রাজনৈতিক পরিস্থিতি ও পরবর্তী করণীয় বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত বৃহস্পতিবার সকাল ১১টায় সংবাদ ব্রিফিং করে জানানো হবে।”
গত ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া তিন মাসের টানা আন্দোলনের পর জোট নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের এটি প্রথম বৈঠক। সর্বশেষ গত ২২ নভেম্বর জোটের শীর্ষ নেতাদের সঙ্গে খালেদা জিয়া বৈঠক করেছিলেন।
ওই বৈঠকের এক মাস পর ৫ জানুয়ারি থেকে শুরু হয় টানা তিন মাসের অবরোধে কর্মসূচি। নাশকতার কারণে সমালোচনার মধ্যে ওই কর্মসূচি থেকে সরে আসে ২০ দল।
এরপর খালেদা জিয়া দল গুছিয়ে আন্দোলনের কর্মসূচি দেবেন জানালেও সেই ধরনের কোনো তৎপরতা চোখে পড়ছে না।
এর মধ্যে লন্ডন সফরে যাওয়ার আগে ২০ দলের নেতাদের সঙ্গে বসলেন তিনি।
বৈঠক শেষে জোটের আরেক শরিক লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান সাংবাদিকদের বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা তিন মাস সংগ্রাম করেছিলাম। এর দীর্ঘ সময় পর আমরা একসঙ্গে বসলাম। আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে।
“দেশনেত্রীর সঙ্গে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলনে আছি, যতক্ষণ পর্যন্ত না গণতন্ত্র ফিরে আসবে, আমরা আমাদের কৌশল অনুযায়ী এগিয়ে যাব।”
খালেদা জিয়ার লন্ডন সফর সম্পর্কে প্রশ্ন করা হলে কাজী জাফর বলেন, তিনি চিকিৎসার জন্য যাবেন। তবে কবে যাবেন, তা এখন চূড়ান্ত হয়নি।
চোখের চিকিৎসা নিতে আগামী সপ্তাহে বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে ভিসা পেতে যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করেছেন তিনি।
বৈঠকে জোটের শীর্ষ নেতাদের মধ্যে জাতীয় পার্টির কাজী জাফর আহমদ, এলডিপির অলি আহমদ, জামায়াতে ইসলাম আবদুল হালিম, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, বিজেপির আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার শফিউল আলম প্রধান, খেলাফত মজলিশের আহমেদ আবদুল কাদের, এনডিপির খন্দকার গোলাম মূতর্জা, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপের জেবেল রহমান গানি, মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান, পিপলস লীগের গরীবে নেওয়াজ, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, ইসলামিক পার্টির ছায়েদুল হাসান ইকবাল, সাম্যবাদী দলের সাঈদ আহম্মেদ, জমিয়তে উলামা ইসলামের মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, ডিএলের সাইফুদ্দিন মনি উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির (কাজী জাফর) টিআইএম ফজলে রাব্বী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও বৈঠকে ছিলেন।
