৪৪ মামলায় আমানের জামিন নাকচ
নাশকতার ৪৪ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের জামিন নাকচ করেছে ঢাকার জজ আদালত।
আমানের আবেদনের শুনানি করে ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হাসান মোল্লা বুধবার এই আদেশ দেন।
আসামির অন্যতম আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা এসব মামলায় গত ২ অগাস্ট বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চান আমান। বিচারক জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরপর আমানের আইনজীবীরা জামিনের জন্য জজ আদালতে আসেন। এসব মামলার মধ্যে দশটির প্রাথমিক তথ্য বিবরণীতে আমানের নামই ছিল না বলে শুনানিতে তারা যুক্তি দেখান।
শুনানিতে এর বিরোধিতা করেন মহানগর দায়রা জজ আদালতের পিপি আব্দুল্লাহ আবু ও অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার।
শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে দেওয়ায় আপাতত এই বিএনপি নেতার মুক্তি হচ্ছে না।
