ফখরুলের এক মামলায় অভিযোগ গঠন পিছিয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৫ বিএনপি-জামায়াত নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার একটি মামলার অভিযোগ গঠনের শুনানি আবার পিছিয়েছে।
কলাবাগান থানার ওই মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৩ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান।
মঙ্গলবার এই আদেশের দিনই ফখরুল চিকিৎসার জন্য সর্বোচ্চ আদালত থেকে জামিন নিয়ে সিঙ্গাপুর হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।
মামলাটির এজাহারে বলা হয়, ২০১২ সালের ১২ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বক্তব্যে কাউকে গাড়ি নিয়ে রাস্তায় বের না হওয়ার হুমকি দেন।
“তার হুমকির পরিপ্রেক্ষিতে ওই দিন কলাবাগান থানা এলাকার পদ্মা জেনারেল হাসপাতালের সামনে সোনারগাঁও রোডে বিএনপি ও জামায়াতের ৩০/৪০ জন কর্মী পুলিশের কাজে বাধা দেন ও ইটপাটকেল নিক্ষেপ করে এক পথযাত্রীকে আহত করেন।”
ঘটনার দিন কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ সিকদার বাদী হয়ে মামলা দায়ের করেন।
২০১৪ সালের ২০ অক্টোবর কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আদালতে মির্জা ফখরুলসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযুক্তদের অন্যতম আইনজীবী মেজবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মির্জা ফখরুলের বিরুদ্ধে প্রায় ১৪টি মামলায় অভিযোগ গঠনের জন্য তারিখের পর তারিখ পড়ছে।”
এসব মামলায় ফকরুলের সঙ্গে বিএনপির আরও শীর্ষ নেতারাও আসামি। বেশিরভাগ ক্ষেত্রে তারিখ পেছানো হচ্ছে আসামিদের পক্ষে শুনানির জন্য সময় আবেদনের কারণে।
এসব মামলার নথিপত্র সূত্রে জানা যায়, মামলার কোনোটিতে ১০ বার, কোনটিতে ১২ বার অভিযোগ গঠনের তারিখ পেছানো হয়েছে।
বিষয়টি নিয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আবদুল্লাহ আবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিদেশ থেকে চিকিৎসা শেষে মির্জা ফকরুল ফিরলে আর তার পক্ষে সময় দেওয়া হবে না। বিচার শুরু করা হবে।”
