২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদের উপর কেন এই অনাস্থা, প্রশ্ন আশরাফের

এক সময় ছাত্রদের উপর বাংলাদেশের মানুষ ভরসা করলেও এখন তার অনুপস্থিতি দেখে হতাশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ আশরাফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 10:59 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

সোমবার এক আলোচনা অনুষ্ঠানে তিনি নিজের সময়ের তুলনা করে বলেন, “এখন দেশের সাধারণ মানুষ ছাত্রসমাজকে বিশ্বাস করে কি না, সেটার উত্তর আমার জানা নাই।

“কিন্তু তৎকালীন সময়ে ছাত্রদের কথার মানুষ প্রচুর দাম দিত। তাদের কথা বিশ্বাস করত। তখন আমরা যারা ছাত্র ছিলাম, তখন সাধারণ মানুষ ছাত্রদের মনে করত দেবতা।”

“কিন্তু দুঃখের বিষয় সেই আস্থা ও বিশ্বাস এখন যে কোনো কারণবশত সাধারণ মানুষের মধ্যে নেই। সেটারও উত্তর আমার জানা নেই,” বলেন ছাত্রলীগের সাবেক এই নেতা।

বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আশরাফ।

ছাত্র ও যুবসমাজকে নতুনভাবে গড়ে তোলার ওপর জোর দিয়ে এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমরা কথায় কথায় বলি, ছাত্র ও যুবসমাজ আমাদের ভবিষ্যৎ।এজন্য এখন যারা যুবক ও ছাত্রসমাজ, তাদেরকে ভবিষ্যতের জন্য গড়ে তুলতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ হবে অন্ধকার।”

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফ তার ছাত্রজীবনে জাতির জনকের সাহচর্য পাওয়ার স্মৃতিচারণও করেন অনুষ্ঠানে।

“সত্তরের নির্বাচনের সময় বঙ্গবন্ধু আমাদের বাড়িতে আসলেন। আমি তখন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম। আমায় ডেকে বললেন, কালকে আমি ঢাকায় যাব। আর আগে একটা ছাত্রসমাবেশ করতে চাই। আমরা তার নির্দেশে পরের দিন ছাত্রসমাবেশ করি। বঙ্গবন্ধু বলতেন, আমার এক শক্তিশালী হাত হল আওয়ামী লীগ। আরেক শক্তিশালী হাত হল ছাত্রলীগ।”