২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্রে গেলেন ফখরুল

চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্রে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 10:41 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

সোমবার রাতে সিঙ্গাপুর থেকে রওনা হওয়ার আগে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিকিৎসার জন্য নিউ ইয়র্কে যাচ্ছি। নিউ ইয়র্কের কাছেই কর্নেল হসপিটালে ডাক্তারের কাছে বৃহস্পতিবার সকালে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে।”

সিঙ্গাপুর সময় রাত ১১টায় ফখরুলকে বহনকারী বিমানটি নিউ ইয়র্কের পথে ছেড়ে যায় বলে প্রবাসী বিএনপি নেতারা জানিয়েছেন।

ফখরুলের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়েছে। এর অস্ত্রোপচার প্রয়োজন হলে তা যুক্তরাষ্ট্রেই করাতে চেয়েছিলেন সাবেক এই প্রতিমন্ত্রী। 

গত ২৭ জুলাই তিনি ঢাকা থেকে সিঙ্গাপুর গিয়েছিলেন। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল এবং ইকোনো হসপিটালের তিন বিশেষজ্ঞ চিকিৎসক তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে।

ফখরুল বলেন, “সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শে নিউ ইয়র্ক যাচ্ছি। আমি দেশবাসীসহ দলের সব স্তরের নেতা-কর্মী-সমর্থকদের কাছে দোয়া চাইছি, যাতে সুস্থ হয়ে দেশ ফিরতে পারি। আমি যাতে আবার দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে পারি।”

নাশকতার মামলায় ছয় মাস ধরে কারাগারে ছিলেন তিনি। ক্যারোটিড আর্টারির চিকিৎসার কোনো ব্যবস্থা বাংলাদেশে না থাকায় গত ১৪ জুলাই সুপ্রিম কোর্ট ফখরুলকে বিদেশে যেতে জামিন দেয়।

সিঙ্গাপুরে থাকা অবস্থায় গত ৬ অগাস্ট বড় মেয়ে অধ্যাপক শামারুগ মির্জা স্বামী ও মেয়েকে নিয়ে বাবাকে দেখতে গিয়েছিলেন।

শামারুহ অস্ট্রেলিয়ায় থাকেন। বিমান বন্দর থেকে বাবা যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে তিনি সিডনি রওনা হন।