২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়-কলেজে নির্বাচন চায় বিএনপি

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বিএনপি মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছেন, প্রতিবাদী শক্তির উত্থানের ভয়েই সরকার এই নিবার্চন দিচ্ছে না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 07:55 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

সোমবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

রিপন বলেন, “মাননীয় শিক্ষামন্ত্রী স্কুল ল্যাবেলে স্টুডেন্টস ক্যাবিনেট গঠন করেছেন। তার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু হোয়াই নট ডাকসু, হোয়াই নট জাকসু, হোয়াই নট রাকসু, হোয়াট নট আদার কলেজেস। বুয়েটে কেন হচ্ছে না। অন্যান্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কেন হচ্ছে না।”

নির্বাচনের মাধ্যমে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আট সদস্যের স্টুডেন্টস ক্যাবিনেট গঠন করা হয় শনিবার। 

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক এই সম্পাদক বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে প্রতিরোধ গড়ে না উঠে, সরকারের অন্যায়-অপকর্মের প্রতিবাদ যাতে করা না যায় এবং ছাত্রদের সংগঠিত শক্তি যাতে গড়ে উঠতে না পারে, সেজন্য আজকে সরকার ছাত্র সংসদগুলোর নির্বাচন বন্ধ করে রেখেছে।”
 

শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, “যদি গণতন্ত্রের প্রতি ভালোবাসা থাকে, আগামী নেতৃত্ব বিকশিত হওয়ার পথ উন্মুক্ত করতে চান, জাতিকে যদি ভবিষ্যৎ নেতৃত্ব উপহার দিতে চান, একটি সুস্থ রাজনৈতিক ধারাকে সত্যি সত্যি যদি উৎসাহিত করতে চান তাহলে অবিলম্বে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করুন।”

ছাত্রদলের সাবেক নেতা রিপন মনে করেন, বিদ্যালয় পর্যায়ের মতো কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব গড়ে তোলার ব্যবস্থা করা না গেলে ভবিষ্যৎ রাজনীতিক বিনির্মাণে নেতিবাচক প্রভাব পড়বে।

“আমরা জানি, নির্বাচনের মাধ্যমে স্টুডেন্টস ক্যাবিনেট গঠন স্কুল ল্যাবেল পর্যন্ত শেষ। স্কুলে ছাত্র-ছাত্রীরা লাইনের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিয়ে তাদের ইচ্ছামতো প্রার্থীকে বাছাই করছেন। মাননীয় মন্ত্রীকে বলব, তাহলে কেন একইভাবে জাতীয় পর্যায়ে মানুষকে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে বাধা দিচ্ছেন। শিক্ষামন্ত্রীর শরম লাগার কথা ছিল।”

এইচএসসির ফল বিপর্যয়

এইচএসসিতে পাসের হার কমে যাওয়ার জন্য রাজনৈতিক অস্থিরতা দায়ী নয় বলে মন্তব্য করে আসাদুজ্জামান রিপন বলেন, “সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক পরিস্থিতির কারণে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হ্রাস পেয়েছে। তাদের এই বক্তব্যের সঙ্গে আমরা ভিন্নমত পোষণ করছি।”

তিনি বলেন, “আমরা দেখেছি, ইংরেজি ও কম্পিউটারসহ আরও কয়েকটি বিষয়ে ছাত্র-ছাত্রীদের এবার ফলাফল খারাপ হয়েছে। গতবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়ও দেখা গেছে, শিক্ষার্থীরা ইংরেজিতে ফেল করেছে। ইংরেজিতে ফেল শুধু রাজনৈতিক উত্তাপের কারণে হয়েছে, এ ধরনের টুনকো যুক্তি দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার কোনো কারণ নেই।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান, কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, নেওয়াজ হালিমা আরলী, মাহবুবুল হক নান্নু প্রমুখ উপস্থিত ছিলেন।