২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে যাচ্ছেন খালেদা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘চিকিৎসার জন্য’ দুই-একদিনের মধ্যে লন্ডনে যাচ্ছেন, যেখানে গত সাত বছর ধরে অবস্থান করছেন তার বড় ছেলে তারেক রহমান। 

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 02:08 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন সোমবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, “চেয়ারপারসন চিকিৎসা গ্রহণের জন্য যুক্তরাজ্য যাচ্ছেন। সম্ভবত কাল বা পরশু তিনি রওনা হবেন। এটা নির্ভর করছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের ওপর। এটা ১১, ১২ অথবা ১৩ তারিখ হতে পারে।”

খালেদা জিয়া সেখানে দিন দশেক থাকতে পারেন বলে এক প্রশ্নের জবাবে জানান রিপন।

“উনার (খালেদা জিয়া) ডাক্তারকে দুই বার দেখাতে হবে। সেই হিসেবে সপ্তাহখানেক অথবা সর্বোচ্চ ১০ দিন তিনি যুক্তরাজ্যে অবস্থান করবেন।”

খালেদা কোন সমস্যার জন্য চিকিৎসা নেবেন সে বিষয়ে রিপন কিছু না বললেও বিএনপির একাধিক নেতা এ প্রশ্নে চোখের চিকিৎসার কথা বলেছেন।

বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা ইতোমধ্যে তার চোখের চিকিৎসার কথা বলে জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলার বিচারকের কাছে বিদেশে যাওয়ার অনুমতিও চেয়েছেন।

২০০৬ সালের শেষ দিকে ক্ষমতা ছাড়ার পর যুক্তরাজ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্বিতীয় সফর এটি। ২০১১ সালে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার আগে বড় ছেলে তারেককে দেখতে লন্ডনে গিয়েছিলেন তিনি।

বিএনপি নেতারা জানান, খালেদা জিয়া গতবছর ওমরাহ করতে সৌদি আরবে গেলে তারেকও লন্ডন থেকে সেখানে গিয়েছিলেন। এরপর আর মা-ছেলের দেখা হয়নি।

ডজনখানেক মামলার পলাতক আসামি তারেক ২০০৮ সাল থেকে পরিবার নিয়ে লন্ডনে অবস্থান করছেন। ইতোমধ্যে তার বাংলাদেশি পাসপোর্ট বৈধতা হারানোয় তিনি এখন শরণার্থী হিসেবে দেশটিতে অবস্থান করছেন বলে ঢাকা ও লন্ডনের বিভিন্ন সূত্রের খবর।

প্রতিবছরের মতো এবারও রোজার সময় ওমরাহ করতে সৌদি আরবে যাওয়ার কথা ছিল খালেদা জিয়ার। কিন্তু ওই সফর তিনি শেষ মুহূর্তে বাতিল করেন দলের শীর্ষ নেতাদের কারাগারে থাকার কথা বলে।

সে সময় তারেকেরও সৌদি আরবে যাওয়ার কথা ছিল বলে গণমাধ্যমে প্রতিবেদন আসে। পাসপোর্টের মেয়াদ না থাকলে তিনি কীভাবে সৌদি আরবে যেতে চেয়েছিলেন সে বিষয়টি বিএনপি নেতাদের বক্তব্যে তখন স্পষ্ট হয়নি।

যুক্তরাজ্য সফরে বিএনপি চেয়ারপারসন সে দেশের কোনো রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন কি না জানতে চাইলে সংবাদ ব্রিফিংয়ে রিপন বলেন, “তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনবার, দুই বার সংসদে বিরোধীদলের নেত্রী ছিলেন। দেশের বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান তিনি। সুতরাং যে দেশে সফর করবেন, সেদেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতের ব্যাপার থাকে, সৌজন্য সাক্ষাতের ব্যাপার থাকে, থাকতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়।”

পুরনো খবর:

খালেদার সৌদিযাত্রা হঠাৎ বাতিল
তারেকের পাসপোর্ট নবায়ন ‘উপরের নির্দেশে’