শিশু হত্যার বিচারে ট্রাইব্যুনালের দাবি বি চৌধুরীর
সাম্প্রতিক শিশু হত্যা-ধর্ষণের ঘটনাগুলোর বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন বিকল্প ধারার সভাপতি এ কি এম বদরুদ্দোজা চৌধুরী।
শনিবার এক আলোচনা সভায় সাম্প্রতিক ঘটনাগুলোয় উদ্বেগ প্রকাশ করে এই দাবি জানান সাবেক এই রাষ্ট্রপতি।
বি চৌধুরী বলেন, “শিশুহত্যা হচ্ছে কঠোরতম অপরাধ। আমি স্পষ্টভাষায় দাবি করছি- শিশু হত্যার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক। তাদের বিচার ৬ মাসের মধ্যে করতে হবে এবং শাস্তি ৯ মাস থেকে এক বছরের মধ্যে করতে হবে।”
গত এক মাসে তিনটি শিশু হত্যাকাণ্ড নিয়ে দেশজুড়ে আলোড়ন তোলে। সিলেটে সামিউল আলম রাজনকে পিটিয়ে, বরগুনায় রবিউলকে শাবলের আঘাতে এবং খুলনায় রাকিব হাওলাদারকে কমপ্রেসার মেশিনি দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়।
এসব হত্যাকাণ্ড ঠেকাতে সরকারের ব্যর্থতার সমালোচনা করে বি চৌধুরী বলেন, “সরকার প্রায়ই বলে- ‘আমরা খুব সতর্ক, আমরা কঠিন ব্যবস্থা নেব’। আমি সরকারের কাছে জানতে চাই, আজ পর্যন্ত কজন দোষীকে গ্রেপ্তার করতে পেরেছেন, তার হিসাব দিন। কজনের বিচার করতে পেরেছেন, কজনের শাস্তি হয়েছে- হিসাব দিন।”
তোপখানা রোডের ট্রপিকানা টাওয়ারের ফেনী সমিতি মিলনায়তনে বাংলাদেশ মুসলিম লীগ একাংশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিকল্প ধারার সভাপতি।
অনুষ্ঠানের ব্যানারে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহ ও স্বাধীনতা যুদ্ধের পর পুনর্গঠিত মুসলিম লীগের খান এ সবুরের প্রতিকৃতি ছিল।
নুরুল হক মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় জমিয়তে উলামা ইসলামের সহসভাপতি মুফতি আবদুর রব ইউসুফী, ইসলামী ঐক্য আন্দোলনের ঈসা শাহেদী, ইসলামী আন্দোলনের এ টি এম হেমায়েতউদ্দিন, দেশপ্রেমিক পার্টির আহসানউল্লাহ শামীম, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, আবদুল আজিজ হাওলাদার, সাংবাদিক নেতা আউয়াল ঠাকুর অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
