২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মবিশ্বাসে আঘাত নয়: বিএনপি

নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যার নিন্দা জানিয়ে লেখালেখিতে কারও ধর্মবিশ্বাসে আঘাত না করার জন্য ব্লগারদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 12:29 AM

Updated : 22 Aug 2022, 12:59 PM

শুক্রবার নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, “আমরা কোনো হত্যাকাণ্ডকে সমর্থন করি না। তিনি ব্লগার নিলয় হোন, রাজনৈতিক কর্মী হোন; আমরা সমস্ত খুন-গুম-হত্যাকাণ্ডের নিন্দা জানাই।”

ধর্ম নিয়ে লেখালেখি নিয়ে এই বিএনপি নেতা বলেন, “আমাদের মনে রাখতে হবে, যেন মানুষের ধর্মবোধে-ধর্মবিশ্বাসে অথবা যে কোনো রাজনৈতিক বিশ্বাসবোধে কাউকে যেন আঘাত না করি।

“আমরা ব্লগারদের স্বাধীনতায় বিশ্বাস করি। একইভাবে আমরা প্রত্যাশা করব, লেখার ক্ষেত্রে সেটা হযরত মুহম্মদ (সা.) হোক, সেটা খ্রিস্টান ধর্মালম্বী হোক, হিন্দু ধর্মালম্বী হোক- যেই ধর্মাবলম্বীর হোক না কেন- কারো মনে আঘাত লাগার মতো কোনো লেখা-এটা গণতন্ত্র নয়।”

শুক্রবার ঢাকার পূর্ব গোড়ানে নিজের বাসায় সন্ত্রাসীদের চাপাতির আঘাতে নিহত হয়েছেন নিলয়, যিনি ব্লগে সাম্প্রদায়িকতা ও ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

নিরাপত্তাহীনতার কথা জানিয়ে নিলয় আড়াই মাস আগে জিডি করতে গেলেও থানা তা নেয়নি বলে ফেইসবুকে এক পোস্টে লিখে গেছেন তিনি।

এ প্রসঙ্গ টেনে বিএনপি নেতা রিপন বলেন, “বর্তমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না থাকায় এরকম হত্যাকাণ্ড ঘটছে। নানাভাবে গুম-খুন হচ্ছে। নারীদের সম্ভ্রমহানি হচ্ছে। এসব কিছুর জন্য দায়ী দেশে আইনের শাসন না থাকা।”

সারা দেশে শিশু নির্যাতন-হত্যা উদ্বেগ জনক হারে বেড়ে গেছে দাবি করে তিনি বলেন, “রাষ্ট্রে জবাবদিহি নেই। সুশাসন একেবারেই নেই। বিচারহীনতার সংস্কৃতি আজ রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। প্রতিদিন সারাদেশে নারী ও শিশু ধর্ষণের শিকার হচ্ছে।”

“নারী-শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের তরফ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখতে পারছি না। যারা মনে করেন অপরাধ করলে পার পেয়ে যাবেন, তারাই এসব ঘটনা ঘটাচ্ছে।”

সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, সাবেক সাংসদ ফেরদৌস আখতার ওয়াহিদা, সেলিম রেজা হাবিব, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, খোরশেদ মিয়া আলম প্রমুখ উপস্থিত ছিলেন।