২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বিচার গণ আদালতে: তোফায়েল

আন্দোলনের নামে দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করা ও নিরীহ মানুষকে হত্যার দায়ে গণ আদালতে খালেদা জিয়ার বিচার হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2015, 09:14 PM

Updated : 22 Aug 2022, 12:58 PM

রাজধানীর ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

তোফায়েল আহমেদ বলেন, “খালেদা জিয়া ২০১৫ সালে ৯২ দিন হরতাল অবরোধ দিয়ে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছেন। তিনি বলেছিলেন সরকারের পতন না ঘটিয়ে তিনি ঘরে ফিরবেন না। কিন্তু আদালতে আত্মসমর্পণ করে ঘরে ফিরে গেছেন।

“কিন্তু বাসায় ফিরতে পারেননি যারা গাড়ির চালক ছিল, হেলপার ছিল, যে নিষ্পাপ শিশু মায়ের কোলে অগ্নিদগ্ধ হয়েছে। এসবের বিচার গণ আদালতে হবে।”

শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর স্মৃতিচারণ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল বলেন, “বঙ্গবন্ধুর সকল কাজে পাশে থেকে তাতে সহযোগিতা করেছেন। আমাদের সব সময় সহযোগিতা করেছেন।”

সংগঠনের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ।

সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।