ব্লগার হত্যা ‘বিধ্বস্ত’ জামায়াতের শেষ আক্রমণ: ইনু
শীর্ষ নেতাদের যুদ্ধাপরাধের বিচার এবং সরকারবিরোধী আন্দোলনে গিয়ে ধরপাকড়ে কোণঠাসা জামায়াতে ইসলামী ‘শেষ কৌশল’ হিসেবে ব্লগারদের উপর আক্রমণ চালাচ্ছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার কুষ্টিয়ার ভেড়ামারায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
একাত্তরের রণাঙ্গনের এই যোদ্ধা বলেন, “বাংলাদেশের রাজনীতিকে অন্যদিকে সরানোর জন্য ইসলাম এবং ইসলামের বিপক্ষে একটা কাল্পনিক যুদ্ধ শুরু করার নামে তারা কতিপয় নিরীহ মানুষকে (ব্লগার) হত্যা করছে। একই ঘটনা ঘটেছিল একাত্তর সালে- তারা যুদ্ধে যখন পেরে উঠছিল না, তখন সাধারণ মানুষের উপর আক্রমণ করেছিল, নারীদের গায়ে হাত দিয়েছিল।
“আজ বেগম খালেদা জিয়া আগুন সন্ত্রাসে পরাজিত, জঙ্গিবাদীরা মার খেয়ে চলে গেছে, জামায়াতীরা বিধস্ত- এরকম অবস্থায় তারা শেষ একটা আক্রমণ পরিচালনা করছেন নিরীহ জনগণের উপর।”
মন্ত্রী বলেন, “জামায়াতে ইসলামীর নাশকতা-অন্তর্ঘাত দমনে সরকার যথেষ্ট সফলতার পরিচয় দিয়েছে। সেই ব্যর্থতার কারণে তারা ভিন্নরূপে নিরীহ মানুষের উপর চোরাগোপ্তা হামলা করে বাংলাদেশে একটা অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য- ব্লগার হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে অন্যখাতে নিয়ে যাওয়া।”
শুক্রবার রাজধানীর পূর্ব গোড়ানে নিজের বাসায় খুন হয়েছেন ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়। এর আগে চলতি বছরেই লেখক-ব্লগার অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান ও অনন্ত বিজয় দাশকে হত্যা করা হয়, যারা ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে লেখালেখিতে সক্রিয় ছিলেন।
এদিকে নিলয় হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে জামায়াতে ইসলামী বলেছে, “এ ঘটনার দ্বারা আবারো প্রমাণিত হলো, দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সরকার চরমভাবে ব্যর্থ।
“একের পর এক এ ধরনের হত্যাকাণ্ড ঘটেই যাচ্ছে। অথচ সরকার হত্যাকাণ্ড রোধ এবং হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করতে বার বার ব্যর্থ হচ্ছে।”
ব্লগার হত্যার মধ্য দিয়ে কার্যত ভিন্নমত বা মতপ্রকাশের স্বাধীনতাকে ধ্বংস করার অপচেষ্টা হচ্ছে মন্তব করে এ বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে তথ্যমন্ত্রী বলেন, “আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, ভিন্নমত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি।”
“পাকিস্তানি কায়দায় চোরাগোপ্তাভাবে এই আক্রমণ অমানবিক। এদের সাথে ধর্মের কোনো সর্ম্পক নেই, মানুষেরও সর্ম্পক নেই। এদের কঠোরভাবে দমন করা ছাড়া কোনো বিকল্প নেই।”
ব্লগার হত্যায় জড়িতদের ধরিয়ে দিতে সাধারণ মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
‘দেশকে অশান্ত করতে ব্লগার হত্যা’
ব্লগার নিলয় হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, “দেশের রাজনীতিকে অশান্ত করার জন্য একের পর এক ব্লগারদের হত্যা করা হচ্ছে। যারা ধর্মের নামে এ ধরনের হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছেন তারা ধর্মের অনুসারী নয়, বরং তারা ধর্মের বিপথগামী।”
সকালে মাদারীপুরে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলে মন্ত্রী।
তিনি বলেন, “ধর্মের নামে যারা ব্লগার হত্যা করেন এটা তাদের কোনো আদর্শ হতে পারে না। যারা মানুষ খুন করেন তারা কী দিয়ে প্রমাণ করবেন এই হত্যাকাণ্ড জায়েজ? এ ধরনের হত্যাকাণ্ড সত্যিই দুঃখজনক।”
