২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সভা-সমাবেশে বাধা দিচ্ছে সরকার: বিএনপি

বিএনপির সভা-সমাবেশে সরকার বাধা দিচ্ছে বলে বলে অভিযাগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ্যেষ্ঠ্য প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2015, 08:08 PM

Updated : 22 Aug 2022, 12:58 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শুক্রবার রাজধানীতে এক সমাবেশে তিনি বলেন, “আমরা আজ ঘরবন্দী হয়ে আছি। আমাদের সভা-সমাবেশ করার অধিকার, সংসদের অধিকার, সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার- এগুলো সাংঘাতিকভাবে ব্যাহত করা হচ্ছে।”

ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জেলা ছাত্র দলের উদ্যোগে এই সমাবেশ হয়।

সমাবেশে অনেক নেতা-কর্মীকে অংশ নিতে দেওয়া হয়নি বলে আভিযোগ করে মাহবুব বলেন, “সবগুলো গেইটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আমাকে যিনি এই সমাবেশের আমন্ত্রণ জানিয়েছিলেন, দলের আন্তর্জাতিক সম্পাদক নাজিমউদ্দিন আলম- তাকে আসতে দেওয়া হয়নি।

“এটা তো গণতন্ত্র হতে পারে না। এটা গণতান্ত্রিক চর্চা নয়।”

মাহবুব বলেন, “দেশে গণতন্ত্রের মহাসংকট চলছে। গণতন্ত্রের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন হয়েছে। আজ আমরা গণতন্ত্রহীন, যা দেশে জন্য অশনি সঙ্কেত বলে আমি মনে করি।”

সংকট উত্তরণে জাতীয়তাবাদী সব শক্তি তথা বিএনপির শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এক্ষেত্রে ছাত্রদলকে আরো ‘সাহসী’ ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি।

দলের যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান ও রুহুল কবির রিজভীসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তিরও দাবি জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

জেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল কবির পলের সভাপতিত্বে সমাবেশে জেলা সভাপতি ও চেয়ারপারসনের ‍উপদেষ্টা আবদুল মান্নান, সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান হাবিব, খন্দকার লুৎফর রহমান, সাইফুদ্দিন আহমেদ মনি, শিরিন সুলতানা, রফিক শিকদার, শহীদুল ইসলাম বাবুল ও ঢাকা জেলা মহিলা দলের আহ্বায়িকা সাবিনা ইয়াসমীন সমাবেশে বক্তব্য রাখেন।