২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এভাবে চললে ২০২০-এর মধ্যে বিলীন হবে বিএনপি: সুরঞ্জিত

বিএনপির বর্তমান রাজনৈতিক ধারা চলতে থাকলে ২০২০ সালের মধ্যে দলটি বিলীন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2015, 07:14 PM

Updated : 22 Aug 2022, 12:58 PM

শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমান আজও তাদের রাজনীতি স্পষ্ট করতে পারেনি। আর এ কারণেই বিএনপির এমন দৈন্য দশা। তাই এভাবে চলতে থাকলে বিএনপির রাজনীতি ২০২০ সালের মধ্যে বিলীন হয়ে যাবে।”

বিএনপি মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে মন্তব্য করে প্রবীণ রাজনীতিক সুরঞ্জিত বলেন, “এই নীতি অবলম্বন করে দক্ষিণ এশিয়ায় আর রাজনীতি করা যাবে না।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণেই ৪৩ বছর পর যুদ্ধাপরাধের বিচার হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, “এই বিচার জাতির পাপ মোচন করছে।”

বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে কাকরাইলের আইডিইবি ভবনে এই আলোচনা সভা হয়।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি লায়ন চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংসদ হাজী সেলিম, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন-অর রশিদ চৌধুরী, হুমায়ুন কবীর মিজি বক্তব্য রাখেন।