২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের সম্মেলনে চলছে ভোট গণনা

বাংলাদেশের অন্যতম প্রাচীন ছাত্র সংগঠন ছাত্রলীগের পরবর্তী নেতৃত্ব নির্বাচনে ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2015, 07:13 PM

Updated : 12 Oct 2022, 04:06 PM

রোববার ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত এই সংগঠনটির ২৮তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ শুরু হয়।

রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ১১টায় ভোটাভুটি শুরু হয়ে শেষ হয় সাড়ে ৫টায়।

পরবর্তী দুই বছরের জন্য নতুন নেতা নির্বাচন করতে ছাত্রলীগের ১১০টি ইউনিটের মোট তিন হাজার ১৩৮ জন কাউন্সিলরের মধ্যে শেষ পর্যন্ত ভোট দেন দুই হাজার ৮১৯ জন।

ছাত্রলীগের হাল ধরতে সভাপতি পদে ১২ জন এবং সাধারণ সম্পাদক পদে ২৮ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট গ্রহণ শেষে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের সঞ্চালনায় সমাপনী বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

সোহাগ বলেন, “আজ আমার জীবনের সবচেয়ে সুখের দিন। ২০১১ সালের ১১ জুলাই ছাত্রলীগের দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত সুন্দরভাবে দায়িত্ব পালন করে একটি পরিচ্ছন্ন সম্মেলনের মাধ্যমে বিদায় নিচ্ছি।”

নবনির্বাচিত নেতাদের নিয়ে সোমবার ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেও যাবেন বলে জানান বিদায়ী সভাপতি।

শনিবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলনের উদ্বোধন করে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করার পরামর্শ দিয়েছিলেন।

তবে ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদারের ‘সিন্ডিকেটের’ ‘আশীর্বাদ’ ছাড়া এই সংগঠনের পদ পাওয়া সম্ভব নয় বলে অভিযোগ করে আসছেন পদপ্রত্যাশীদের অনেকে।

ছাত্রলীগের বর্তমান ও সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকরা শনিবার বিকালে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেন। কাকে কাকে নেতৃত্বে আনা যায়, তা নিয়ে ওই বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে।

এরপর রোববার সকাল ১০টায় কাউন্সিল অধিবেশনের শুরুতেই প্রার্থীদের সঙ্গে আলোচনায় বসেন বর্তমান সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার সুমন কুণ্ডু, নির্বাচন কমিশনার মোস্তাফিজুর রহমান মোস্তাক ও শেখ রাসেল।

শুরুতে সভাপতি পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার কথা বললেও ভোট শুরুর আগ পর্যন্ত ৫২ জন তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। আর সাধারণ সম্পাদক পদের ১৪৯ প্রার্থীদের মধ্যে ১২১ জনই মনোনয়ন প্রত্যাহার করেন।