আশরাফকে সাধুবাদ বিএনপির
প্রশাসনকে নিরপেক্ষভাবে পরিচালনার প্রতিশ্রুতি দেওয়ায় সৈয়দ আশরাফুল ইসলামকে সাধুবাদ জানিয়েছে বিএনপি।
সেইসঙ্গে প্রশাসনকে ‘দলীয়করণমুক্ত’ করতে কয়েকটি পরামর্শও নতুন জনপ্রশাসনমন্ত্রীকে দিয়েছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।
মঙ্গলবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জনপ্রশাসনের মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আশরাফের বক্তব্যের প্রতিক্রিয়া জানান।
আগের দিন দায়িত্ব নেওয়ার পর আশরাফ বলেছিলেন, “যারা দক্ষ আছে, তারাই এখানে কাজ করবেন। আমরা সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে, যার যে যোগ্যতা যেখানে আছে, সেখানে তাকে কাজ করার সুযোগ দেওয়ায় বিশ্বাসী।”
রিপন বলেন, “সৈয়দ আশরাফের এই মনোভাব অবশ্যই খুব ভালো। এটাই প্রত্যাশিত ও কাম্য। আমাদের দলের পক্ষ থেকে আমরা তার এই দৃষ্টিভঙ্গী ও বক্তব্যকে সাধুবাদ জানাতে চাই।”
“আমরা মন্ত্রীর বক্তব্যের পর এখন তার বাস্তব প্রতিফলন চাই। আমরা দেখতে চাই, প্রশাসনে যে ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে, তার পরিবর্তন আসবে।”
বিএনপি বরাবরই অভিযোগ করে আসছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার প্রশাসনে দলীয়করণ করেছে। যোগ্যদের চেয়ে দলের কাছের মানুষদেরই গুরুত্ব পদে রাখা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রীর দায়িত্ব নেওয়া আশরাফকে পরামর্শ দিয়ে রিপন বলেন, “দক্ষ, যোগ্য ও সৎ অফিসারদের যেভাবে সাইড লাইনে সরিয়ে রাখা হয়েছে, তাদের ব্যাপারে সৈয়দ আশরাফুল ইসলাম একটি কমিটি করবেন, এটা আমাদের পরামর্শ।
“দক্ষতা, যোগ্যতা ও সততা থাকা সত্ত্বেও যে সব সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবসহ নানা পযার্য়ের কর্মকর্তাদের ওএসডি করে রাখা হয়েছে, তারা যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন।”
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকে গ্রেপ্তার করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানান রিপন।
তিনি বলেন, “মামলা থাকলে পুলিশ গ্রেপ্তার করবে, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু অসৎ উদ্দেশ্যে যদি কোনো নেতা-কর্মীকে হয়রানি করা হয়, তার প্রতিবাদ আমরা করেছি এবং করব।”
ছাত্রদল সভাপতিকে পটুয়াখালীতে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। তবে ছাত্রদলের দাবি, এটা ষড়যন্ত্র। এই গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিও ডেকেছে সংগঠনটি।
রিপনও বলেন, “একটি বড় ছাত্র সংগঠনের সভাপতিকে এই অভিযোগে মামলা দেওয়া হল, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা মনে করি, এটি অপ-রাজনীতিকরণের অপচেষ্টার একটি অংশ।”
কারাগারে ঈদের জামাত শেষে হবিগঞ্জের সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা জি কে গউছের উপর হামলার নিন্দাও জানান তিনি।
“ঈদের দিন হবিগঞ্জ কারা অভ্যন্তরে গউছের উপর হামলার যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, আমরা তার নিন্দা জানাই। এ ধরনের ঘটনার দায় সরকার এড়াতে পারে না।”
কারাগারে বিরোধী দলের নেতা-কর্মীদের নিরাপত্তা বিধানে সরকারের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে রিপনের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হায়দার আলী, আইন বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান খান, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, এম এ খালেক ও আবদুস সাত্তার পাটোয়ারী উপস্থিত ছিলেন।
