গণতন্ত্রে উত্তরণে বাধা সৃষ্টির ‘ষড়যন্ত্র’ চলছে: মির্জা ফখরুল
“কয়েকটা বাচ্চা ছেলে-পেলের কথায় মনে হচ্ছে, তারা যা বলবে, দেশের মানুষকে তাই শুনতে হবে। মনে হয়, আমরা তাদের বাপ-দাদার চাকর,” বলেন মির্জা আব্বাস।
গণতন্ত্রে উত্তরণের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি বলেন, ‘‘আজ একটা ষড়যন্ত্র চলছে; একটা চক্রান্ত চলছে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করার, যেন দেশে গণতন্ত্রের উত্তরণ ঠিকঠাক না হয়।
“কিন্তু আমরা বিশ্বাস করি, যুবদল, ছাত্রদল যতদিন টিকে থাকবে, ততদিন এ দেশে গণতন্ত্র ধ্বংস করার কোনো শক্তি জয়ী হতে পারবে না।”
রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এ আলোচনা সভা হয়। ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শিরোনামে জাতীয়তাবাদী যুবদল এ অনুষ্ঠান আয়োজন করে।
এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে যুবদলের নিহতদের পরিবারের সদস্যদের সন্মাননা ও আর্থিক সহযোগিতা তুলে দেন বিএনপি মহাসচিব।
দেশ গড়ে তুলতে তারেক রহমানের ভাবনাকে ‘ড্রিম’ হিসেবে অভিহিত করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ‘‘আমরা আশা করছি, আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে যে পথ দেখাচ্ছেন, যে কথাগুলো বলছেন অর্থনীতি সম্পর্কে, রাজনীতি সম্পর্কে… তিনি দেশের সামনে যে স্বপ্ন তুলে ধরছেন, সেই স্বপ্ন শুনে আমার একটি কথাই মনে হয়, মার্টিন লুথার কিংয়ের সেই ঐতিহাসিক কথা, ‘আই হেভ এ ড্রিম’।
‘‘ইনশাল্লাহ সেই ড্রিম নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব এবং আমরা জয় করব। উই শেল ওভার কাম ইনশাল্লাহ।”
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকতা দিতে এবং অর্থনীতি সচল করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পদক্ষেপ তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘‘গণতন্ত্রের যতগুলো কাঠামো আছে, সেসব কাঠামো শক্ত ভিত্তিতে দাঁড় করানোর কাজটা বিএনপি করেছে।”
মির্জা ফখরুল বলেন, “যখনই দেশ ধ্বংসপ্রাপ্ত হয়, যখনই অর্থনীতি ধ্বংস হয়ে যায়, তখনই বিএনপি সেই দায়িত্বে এসে পড়ে এটাকে আবার পুনর্গঠন করার জন্য। আজ এখন আবার যা মনে হচ্ছে, তাতে করে বিএনপিকেই হয়ত সেই দায়িত্ব নিতে হবে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।”
‘আরেক নাটক শুরু করেছে’
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘‘একটি কথা শুনলাম, মাজেদ নাকি সাজেদ একজন মেজর, দেশে বসে চক্রান্ত করছে সরকারকে বিপদে ফেলতে কিংবা দেশে একটা ঘটনা ঘটাবে। এ সমস্ত চক্রান্ত কিন্তু আমরা বুঝি। এগুলো বানানোর নাটক শুরু করেছেন যেন নির্বাচনটা পেছানো যায়, যাতে নির্বাচনটা না হয়।
“কিন্তু একটা কথা মনে রাখবেন, দেশের মানুষ ১৭ বছর আন্দোলন করেছে ভোটের জন্যে। এই ভোট, এই সরকারের কাছ থেকে আমরা আদায় করেই ছাড়ব। সরকারের পেছনে, সরকারের ভেতরে, সরকারের বাইরে যতই ষড়যন্ত্র চলুক, কোনো ষড়যন্ত্রই বিএনপির অপ্রতিরোধ্য মনে করে না।”
তিনি বলেন, ‘‘তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের মত আগামীতে প্রয়োজন পড়লে আরও ১৭ বছর আন্দোলন করব, কিন্তু কোনো অরাজক পরিস্থিতি কিংবা কোনো স্বৈরশাসককে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না।
“স্বৈরশাসনের কথা বলছি এ কারণে যে, কয়েকটা বাচ্চা ছেলে-পেলের মুখের কথায় মনে হচ্ছে, তারা যা বলবে, তাই দেশের লোককে মানতে হবে। মনে হয়, আমরা তাদের বাপ-দাদার চাকর-বাকর। দেশের মানুষকে তারা মানুষই মনে করে না, দেশের নেতাদের তারা নেতা মনে করেন না। মনে করেন, তারাই নেতা। কারণ গদির লোভ পেয়ে গেছেন তো, এরা আর ক্ষমতা ছাড়তে চান না।”
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এম আবদুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মেহেদি আমিন, মানবাধিকারকর্মী সাইয়েদ আবদুল্লাহ, যুব দলের রবিউল ইসলাম নয়ন, গুমের শিকার হওয়া সোহেল রানা, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা দেওয়া ডা. সায়েম আল মনসুর ফয়েজী, নিহত মোসলেহ উদ্দিনের ছেলে আপন, ইয়াহিয়া আলীর মেয়ে তাইয়েবা খাতুন, হাফিজুর রহমান সুমনের স্ত্রী বিধী আখতার ও নাদিম মিজানের স্ত্রী তাবাসসুম আখতার নেহা।
অনুষ্ঠানে যুবদলের সাবেক নেতাদের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায়, বরকত উল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নিরব ও সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।
