দেশের এমন ছবি দেখতে হবে ভাবতেও পারিনি: রওশন
ঢাকার বনানী, মহাখালী, মিরপুর ও মোহাম্মদপুরে ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শনে করেন জাপার একাংশের এই চেয়ারম্যান।
দেশের ক্ষতি কষ্ট করে পুষিয়ে ওঠা গেলেও মনের ক্ষত মোছা যাবে না বলে মন্তব্য করে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, তার এই বয়সে দেশের এমন ছবি দেখতে হবে, তা ভাবতেও পারিনি তিনি।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা পরিদর্শন করে রওশন বলেন, মিডিয়ার মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ছবি দেখে বিশ্বাস করতে পারিনি বলে নিজের চোখে ধ্বংসযজ্ঞ দেখতে এসেছি।
শনিবার ঢাকার বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা পরিদর্শনে করেন রওশন। এ সময় তার সঙ্গে ছিলেন পার্টির মহাসচিবসহ শীর্ষ নেতারা।
সেখান থেকে বনানীতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া সেতু ভবন পরিদর্শন করেন তারা। এ সময় গাড়িতে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাপা চেয়ারম্যান।
রওশন বলেন, “সশস্ত্র সন্ত্রাসীরা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার নিন্দা জানানোর ভাষাও হারিয়ে ফেলেছি। যারা দেশের এত বড় ক্ষতি করেছে, তদন্তের মাধ্যমে তাদের রাষ্ট্রদ্রোহ আইনে বিচার করা প্রয়োজন। কোনো দেশের নাগরিক রাষ্ট্রের সম্পদ এভাবে ধ্বংস করতে পারে না। যারা করেছে, তারা দেশের শত্রু।”
তিনি বলেন, “দেশের কোমলমতি ছাত্রসমাজ ন্যায়সঙ্গত কিছু দাবি জানিয়েছিল। আমরাও তাদের দাবির প্রতি সমর্থন দিয়েছিলাম। সুপ্রিম কোর্টের রায়ে ছাত্রদের দাবিও বাস্তবায়িত হয়েছে। কিন্তু ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে চক্রান্তকারীদের অনুপ্রবেশ ঘটায় আন্দোলনে সহিংসতা দেখা দেয়।
“সে কারণে অনেক শিক্ষার্থীর অমূল্য জীবন হারিয়ে যায়। পাশাপাশি সাধারণ অনেক মানুষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যও প্রাণ হারিয়েছেন। অনেকে আহত অবস্থায় জীবন-মৃত্যুর সঙ্গে সংগ্রাম করছে। এই ক্ষতি পূরণ হবার নয়।”
এসব হত্যাকান্ডের বিচার দাবি করে রওশন বলেন, “যারা মারা গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা আহত হয়েছে, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।”
সেতু ভবনে পুড়ে যাওয়া যানবাহনের সামনে দাঁড়িয়ে দলের পক্ষে আনুষ্ঠানিক ব্রিফিং করেন পার্টির মহাসচিব কাজী মামুনূর রশিদ।
এ সময় অন্যান্যের মধ্যে পার্টির কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু, গোলাম সরোয়ার মিলন, সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম শফিক, আমানত হোসেন আমানত, এইচএনএম শফিকুর রহমান, জাহাঙ্গীর আলম পাঠান, খন্দকার মনিরুজ্জামান টিটু, ইয়াহ ইয়া চৌধুরী, শাহ জামাল রানা, উপদেষ্টা হাফসা সুলতানা, ভাইস চেয়ারম্যান শারফুদ্দিন আহমেদ শিপু, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, শেখ মাসুক রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. রিফাতুল ইসলাম উপস্থিত ছিলেন।
বনানী থেকে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর, শেওড়াপাড়া ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশন, মিরপুর-১০ নম্বরের পুলিশ বক্সসহ ঢাকায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন রওশন। পরে মোহাম্মদপুর কাঁচাবাজারে ভাঙচুর চালানো কাউন্সিলর কার্যালয় দেখতে যান তিনি।
