২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতায় থাকার চিন্তা জনগণ মানবে না: রিপন

আসাদুজ্জামান রিপন বলেন, “মুখে সংস্কারের কথা সরকার বলছে। কিন্তু দৃশ্যমানভাবে সরকারের তরফ থেকে সেই ধরনের কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2024, 06:55 PM

Updated : 10 Sep 2026, 12:27 PM

অন্তর্বর্তী সরকারকে সবচেয়ে দুর্বল সরকার হিসেবে উল্লেখ করে ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন।

বুধবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “উনারা (অন্তর্বর্তী সরকার) কতদিন ধরে সংস্কার করতে চায় সেটা তো আমরা জানি না। কিন্তু সংস্কারের নামে তারা যদি বছরের পর বছর ক্ষমতা আঁকড়ে থাকতে চান, সেটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না।

“কারণ হচ্ছে, ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার হচ্ছে বর্তমান অন্তবর্তীকালীন সরকার। একটা দুর্বল সরকার রাষ্ট্রক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। সেজন্য দরকার জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নির্বাচিত সরকার।”

আসাদুজ্জামান রিপন বলেন, “আমি সেই নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি সম্ভব বলব না, আমরা বলছি, উইথ ইন টোয়েন্টিফাইভ… ২৪ সাল যাচ্ছে, ২০২৫ সালের মধ্যেই সম্ভাব্য সমস্ত সংস্কার কাজ সম্পন্ন করে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করবেন।”

জাতীয় প্রেস ক্লাবে জিয়া শিশু-কিশোর মেলার উদ্যোগে বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন চুন্নুর ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।

আসাদুজ্জামান রিপন বলেন, “মুখে সংস্কারের কথা সরকার বলছে। কিন্তু দৃশ্যমানভাবে সরকারের তরফ থেকে সেই ধরনের কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। বরং আমরা দেখতে পেয়েছি, সংস্কারের কথা বলে, সংস্কারের প্রক্রিয়া পাশ কাটিয়ে তারা হাসিনার পথ অনুসরণ করে বিচারক নিয়োগ করছেন, তারা নির্বাচন কমিশনে লোক নিয়োগ করেছেন, দুর্নীতি দমন কমিশনে তারা লোক নিয়োগ করেছেন… এসব সবই হচ্ছে হাসিনার পরিত্যক্ত মডেল।”

তিনি বলেন, “ইতিমধ্যে তিনটি সংস্কারের গুরুত্বপূর্ণ ধাপ তারা মিস করেছে। একটি হচ্ছে নির্বাচন কমিশ পুনর্গঠনের ক্ষেত্রে তারা সংস্কারের যে উদ্যোগ, যেটা ভুল করেছেন। সরকার নির্বাচন কমিশন গঠন করে বসল, অথচ নির্বাচন কমিশন সংক্রান্ত সংস্কারের রিপোর্টই পেশ করতে পারেনি। ৩১ (ডিসেম্বর) তারিখে দুর্নীতি দমন কমিশনের রিপোর্ট পেশ করার কথা ছিল, তার আগেই সরকার দুর্নীতি দমন কমিশন গঠন করে বসল।

“বিচার বিভাগে বিচারক নিয়োগ করে বসলেন ২৩ জন। শেখ হাসিনা যে পদ্ধতিতে বিচারক নিয়োগ করতেন শেখ হাসিনার সেই পরিত্যক্ত জুতা পরিধান করে বর্তমান অন্তবর্তীকালীন সরকার বিচারক নিয়োগ করেছেন। আমরা চেয়েছিলাম বিচার বিভাগে একটু সংস্কার দরকার, সেটার মাধ্যমে বিচারক নিয়োগের একটা প্রক্রিয়া তৈরি হবে। কিন্তু সরকার সেটা করেনি।”

হুঁশিয়ার করে দিয়ে রিপন বলেন, “আমাদেরকে মনে রাখতে হবে, ছাত্র-জনতার এই আন্দোলনকে কোনোভাবে বিভক্ত করা যাবে না, আন্দোলনের স্পিরিটকে বিভক্ত করা যাবে না। এই স্পিরিট বিভক্ত হলে পতিত যে স্বৈরাচার তারা লাভবান হবে।”

জিয়া শিশু-কিশোর মেলার সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির রেজাবুদ্দৌলা চৌধুরী, আবদুল মালেকসহ জিয়া শিশু-কিশোর মেলার নেতারা বক্তব্য রাখেন।