অভ্যুত্থানের অংশীজনদের সকলের সংসদে থাকা ‘উচিত’: নাহিদ ইসলাম
“জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বলে কিছু থাকবে না। যা ঐকমত্য হয়েছে, বাকিটা জনগণ ঠিক করবে,” বলেন তিনি।
ছাত্র-গণঅভ্যুত্থানের অংশীজনদের সকলের আগামী জাতীয় সংসদ থাকা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এর ব্যাখায় তিনি বলেন, “আগামী সংসদে সংস্কার পরিষদ হবে। নতুন সংবিধানের জন্য কাজ করা হবে। তাই, গণঅভ্যুত্থানের অংশীজনদের সকলের সংসদে থাকা উচিত।”
শুক্রবার দুপুরে বাংলা একাডেমীর কবি শামসুর রাহমান মিলনায়তনে আয়োজিত ‘ইউনিভার্সিটি টিচার্স ফোরাম’ এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে ব্ক্তব্য রাখিলেন অভ্যুত্থানের সামনের সারিতে থাকা এই নেতা।
গত বছরের ৫ অগাস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের গণতান্ত্রিক উত্তরণে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার।
দীর্ঘ এক বছরের সংলাপ, আলোচনা, তর্কবিতর্কের পর সংস্কারের উদ্যোগগুলো নিয়ে যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয়েছে তার আইনি ভিত্তির মাধ্যমে নির্বাচনের দিকে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, “গণঅভ্যুত্থানের জায়গা থেকে জুলাই সনদের আদেশ ড. মুহাম্মদ ইউনূসকে দিতে হবে। জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বলে কিছু থাকবে না। যা ঐকমত্য হয়েছে, বাকিটা জনগণ ঠিক করবে। জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব।”
নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের একটা প্রেক্ষাপট ছিল অর্থনৈতিক সংকট; বিশেষত তরুণরা সবচেয়ে বড় ভুক্তভোগী ছিল।
“আমাদের সামনে দুইটা বিকল্প ছিল, সরকারি চাকরি বা বিদেশে যেতে হবে। কিন্তু এই সরকারি চাকরিতেও কোটা বড় বাধা হয়ে দাঁড়ালো।”
নির্বাচনকে সামনে রেখে অনেক রাজনৈতিক দল ‘এত কোটি’ চাকরির ব্যবস্থা করা হবে, তরুণরা কেউ আর বেকার থাকবে না, এমন কথা বলছেন দাবি করেন তিনি বলেন, “এই কথাগুলো যখন আমরা বলি, আমরা যেন সত্যিকার অর্থে বলি। আমরা কোন প্রক্রিয়ায় কর্মসংস্থান ব্যবস্থা করব, কোন প্রক্রিয়ায় তরুণদের ক্ষমতায়িত করব, এটার প্রস্তাবনা কেউ হাজির করতে পারছে না।”
নাহিদ মনে করেন, তরুণদের কর্মসংস্থানের জন্য বিনিয়োগ, উদ্যোক্তা তৈরি ও চাকরি সবই লাগবে, কিন্তু গোড়ায় হাত দিতে হলে শিক্ষা ব্যবস্থায় হাত দিতে হবে।
ইতিহাসের নানা বাঁক মোড় ও সেই প্রেক্ষাপটে একটি ঔপনিবেশিক ব্যবস্থার মধ্য দিয়ে এ দেশে বিশ্ববিদ্যালয় গড়ে উঠার কথা তুলে ধরে এনসিপি আহ্বায়ক বলেন, “শুধু বিশ্ববিদ্যালয় নয়, আমাদের তাবৎ রাষ্ট্র, আইন-সব প্রতিষ্ঠানই একটি উপনিবেশিত সমাজের মধ্য দিয়েই প্রতিষ্ঠা হয়েছে। ফলে আমাদের আগের যে শিক্ষাব্যবস্থা ছিল, তার সাথে একটা বিচ্ছেদ ঘটেছে।
“বিশ্ববিদ্যালয়ের সাথে সমাজ-সংস্কৃতির সংযোগ কমেছে। আগামীতে কীভাবে সমাজ ও সংস্কৃতির সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক তৈরি করা যায়, তা আমাদের ভাবতে হবে।”
নাহিদ বলেন, “ষোলো বছরে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা ছিল। সব প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়েছে। দুর্বৃত্তায়ন হয়েছে। মেধার মূল্যায়ন ছিল না। কেউ পদোন্নতি পাবেন কী না, উপাচার্য, প্রক্টর, প্রাধ্যক্ষ হবে কী না, তা দলীয় পরিচয়ের উপর নির্ভর করত।
“আমাদের বিশ্ববিদ্যালয়ের এক উপাচার্য তার আত্মীয় স্বজনদের চাকরি দিতে নতুন নতুন ডিপার্টমেন্ট খুলেছেন।”
‘ফ্যাসিবাদী’ কাঠামো এখনো রয়ে গেছে দাবি করেন তিনি বলেন, “শিক্ষা নিয়ে কোনো কমিশন হয়নি। কিন্তু অন্য যে কমিশন হয়েছে, তা নিয়ে কোনো আলোচনা নেই। মাত্র ছয়টি কমিশন, যেগুলোর সাথে নির্বাচন ও রাজনীতি সম্পর্কিত; সেগুলো নিয়েই সবার আগ্রহ।
“আলোচনাকে আমরা এর বাইরে আনতে পারিনি। এখন সেই আলোচনায়ও ঐক্যমত্যে পৌঁছানো যাচ্ছে না।”
নাহিদের ভাষ্য, “বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐক্যমত্য কমিশন সবই ব্যর্থ হবে। অভ্যুত্থানের সুফল যদি প্রত্যেক মানুষ না হয়, কেবল রাজনৈতিক দল, কিছু মুষ্টিমেয় ব্যক্তি হয়, তাহলে এটা কোনো পরিবর্তন হলো না। জনগণ আবার রাস্তায় নামবে।”
অনুষ্ঠানের শুরুতে ‘ইউনিভার্সিটি টিচার্স ফোরাম’ নামে আত্মপ্রকাশ করা শিক্ষকদের এই নতুন সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সে কমিটিতে আহ্বায়ক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ড. শামীম হামিদী দায়িত্ব পেয়েছেন।
