ছাত্রলীগের সাবেক নেতা অজয় কর আরেক মামলায় গ্রেপ্তার
“দেশে আমার নামে কোনো জিডি নেই, মামলা নেই। তবুও একের পর এক মামলা দেওয়া হচ্ছে,” বলেন ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক।
জুলাই আন্দোলনের সময়কার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
আদালত থেকে কারাগারে নেওয়ার পথে অজয় কর খোকন বলেন, "নো শ্যোন অ্যারেস্ট, নো হ্যারেজ আদেশেও বাঁচতে পারলাম না।"
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. আখতারুজ্জামান সরকার গত ৩০ জুলাই অজয় কর খোকনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন সোমবার।
এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। আসামির আইনজীবী ওবাইদুল ইসলাম তাকে গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
কারাগারে নেওয়ার পথে অজয় কর বলেন, ''দেশে আমার নামে কোন জিডি নেই, মামলা নেই। তবুও একের পর এক মামলা দেয়া হচ্ছে। আমি উচ্চ আদালতে গেছিলাম। হাই কোর্টে রিট আবেদন করেছি। হাই কোর্ট বলেছে 'নো শ্যোন অ্যারেস্ট, নো হ্যারেজ। কিন্তু হাইকোর্টের ওই আদেশেও আমি বাঁচতে পারলাম না।"
অজয় করকে তিন মামলায় গ্রেপ্তারের তথ্য দিয়ে ওবাইদুল ইসলাম বলেন,"আসামির পক্ষে আমরা হাই কোর্টে রিট করেছিলাম। রিটে হাই কোর্ট ডিভিশন আসামির বিষয়ে 'নো শ্যোন অ্যারেস্ট, নো হ্যারেজ' এই আদেশ দিয়েছিলেন। সেই আদেশের কপি প্রত্যেকটি দায়িত্বশীল অফিস/দপ্তরে আমরা পৌঁছেছি। পৌঁছানোর পরে আমরা জামিননামা দাখিল করেছি।"
তিনি বলেন,"কিন্তু আমরা দেখলাম রিট আবেদন হওয়ার পরেও এই আসামির আবার 'শো-অ্যারেস্ট' এর আবেদন এল। তাহলে হাই কোর্ট ডিভিশনের আদেশের মূল্য কী? আজ এটা সংবিধান পরিপন্থি এবং একজন নাগরিকের মৌলিক মানবিক অধিকারের পরিপন্থি।"
মামলা ছাড়া কাউকে গ্রেপ্তার বা হয়রানি না করতে গেল মাসে একটি আদেশ দিয়েছিল হাই কোর্ট। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৯ জুলাই সেই আদেশে চার সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করে আপিল বিভাগ।
অজয় করকে এবার যে মামলায় গ্রেপ্তার দেখানো হলো, সেটি দায়ের করা হয় মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে জুলাই আন্দোলনের সময় নাজমুল নামের এক আন্দোলনকারীর মৃত্যুর ঘটনায়।
মামলায় বলা হয়, ২০২৪ সালের ৪ অগাস্ট মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে আন্দোলনে অংশ নেন নাজমুল। বিকালে গুলিবিদ্ধ হন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ অগাস্ট মারা যান তিনি।
গত ২৩ সেপ্টেম্বর রাতে গুলশান এলাকা থেকে অজয় কর খোকনকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
