যারা হত্যা করেছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে না: ফখরুল
“অবিলম্বে পদত্যাগ করুন। অন্যথায় দেশের জনগণ ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তুলবে”, বলেন বিএনপি নেতা।
সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনে সহিংসতার মধ্যে শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার করা হলেও ‘যারা গুলি চালিয়ে হত্যা করেছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না’ মন্তব্য করে খেদ ঝেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিরোধী নেতা-কর্মী এবং কোটা আন্দোলনকারীদের পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগও এনেছেন তিনি।
কোটা আন্দোলনকে নিয়ে সরকার দ্বৈতনীতি অবলম্বন করেছে অভিযোগ করে ফখরুল বলেন, “একদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নিরীহ ছাত্র-ছাত্রী ও কোটা সংস্কার আন্দোলনের নেতাদেরকে নির্যাতন করা হবে না। অপরদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতিনিয়ত গ্রেপ্তার অব্যাহত রাখা হয়েছে। সাধারণ মানুষ, প্রতিবন্ধী শিশু এবং বিভিন্ন শ্রেণি ও পেশার এমনকি চাকরিজীবীরা পর্যন্ত এই ধরনের ‘অমানবিক’ কর্মকাণ্ড থেকে রেহাই পাচ্ছে না।
“অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যারা প্রকাশ্যে সাধারণ শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়ে হত্যা করল, তাদের একজনকেও গ্রেপ্তার করা হয়নি। বরঞ্চ তাদের নিয়ে সরকার প্রধান ‘মায়া কান্না’ করছে।”
‘ত্রাসের রাজত্ব’
সরকার ক্ষমতাকে টিকে থাকার লক্ষ্যে সারাদেশে ‘ত্রাসের রাজত্ব’ কায়েম করেছে অভিযোগ করে ফখরুল বলেন, “হত্যা, নির্যাতন, অব্যাহত রেখেছে তা অবিলম্বে বন্ধ করে পদত্যাগ করুন। অন্যথায় দেশের জনগণ ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তুলবে।”
তিনি বলেন, “দেশটাকে আজকে ত্রাসের রাজ্যে পরিণত করা হয়েছে। দিন দিন নিরীহ শিক্ষার্থীদের হত্যার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, হত্যার সংখ্যা লম্বা হচ্ছে।
“সরকারের পক্ষ থেকে দুষ্কৃতিকারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনাগুলোর বর্ণনা দেওয়া হলেও কোটা সংস্কার আন্দোলনকারীদের মৃত্যুর পুরো তালিকা এখনো প্রকাশ করা হয়নি। মৃত্যুকে ধামাচাপা দেওয়ার জন্যই এই তালিকা প্রকাশ করা হচ্ছে না বলে জনগণ মনে করে।”
‘রিমান্ডে নির্যাতন’
বিএনপি নেতা বলেন, “সারাদেশে ৯ হাজারের অধিক নেতা-কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সাবেক এমপিসহ সিনিয়র নেতৃবৃন্দ অসুস্থ হওয়া সত্ত্বেও তাদেরকে নিষিদ্ধ সন্ত্রাসীদের মত ৫/৭দিন করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে।
“কেন্দ্রীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু, মহানগর বিএনপি নেতা সাইফুল আলম নীরব, রফিকুল আলম মজনু, আমিনুল হকসহ অসংখ্য নেতা-কর্মীদেরকে রিমান্ডে নিয়ে শারীরিক নির্যাতন করে তাদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে।”
নির্যাতনের বিষয়টি ‘ভুক্তভোগীরা’ আদালতকে জানিয়েছেন উল্লেখ করে ফখরুল বলেন, “তারপরেও আদালত সরকার প্রধানের ইশারায় তাদের রিমান্ড অব্যাহত রেখেছে। জেলখানার ভেতরেও তাদেরকে নির্মম নির্যাতনের মধ্যে রাখা হয়েছে যা অমানবিক ও আইনের পরিপন্থি। পুলিশ হেফাজতে এরকম নির্যাতন মানবতা বিরোধী।
“আমরা স্পষ্ট করে বলতে চাই, নেতা-কর্মীদের ওপরে চলমান নির্যাতনে অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে গেলে এর দায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকেই নিতে হবে।”
রাজশাহী বিএনপির সাইফুল ইসলাম মার্শাল, রংপুর মহানগরের শহিদুল ইসলাম মিজু, কৃষক দলের হারুনুর রশীদ ভুঁইয়া, ছাত্র দল নেতা এইচ এম আবু জাফর, তবিবুর রহমান পাপনসহ বিরোধী দলের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তির দাবিও জানান বিএনপি নেতা।
