২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার সঙ্গে ইসহাক দারের সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলাপ

তবে তাদের আলোচনায় দেশের রাজনীতি উঠে আসেনি বলে বৈঠকে অংশ নেওয়া বিএনপির এক নেতা বিফ্রিংয়ে বলেছেন।

খালেদা জিয়ার সঙ্গে ইসহাক দারের সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলাপ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে রোববার রাজধানী ঢাকার গুলশানে তার বাসায় সাক্ষাৎ করেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2025, 10:07 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

ঢাকা সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।

তবে তাদের আলাপে দেশের রাজনীতি উঠে আসেনি বলে বৈঠকে অংশ নেওয়া বিএনপির এক নেতা বিফ্রিংয়ে বলেছেন।

রোববার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসা ‘ফিরোজায়’ যান ইসাহাক দার, ‍যিনি উপপ্রধানমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন। পরে তারা পৌনে এক ঘণ্টা কথা বলেন।

এসময় তারা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, দক্ষিণ এশীয় সহযোগিতা ফোরাম সার্ককে শক্তিশালী করাসহ বিষয় নিয়ে আলাপ করেছেন বলে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

তবে দেশের রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি বলে তুলে ধরেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে রোববার রাজধানী ঢাকার গুলশানে তার বাসায় সাক্ষাৎ করেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে রোববার রাজধানী ঢাকার গুলশানে তার বাসায় সাক্ষাৎ করেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

জাহিদ হোসেন বলেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য মূলত এসেছিলেন। তার আশু সুস্থতা কামনা করেছেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন ইসাহাক দার, যোগ করেন তিনি।

সাক্ষাৎকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডা. জাহিদ এবং পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারসহ ছয় সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এর আগে ২০১২ সালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খার ঢাকা সফরকালে গুলশানের বাসায় গিয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

শনিবার দুদিনের সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সফরকালে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে উভয় দেশের আনুষ্ঠানিক বৈঠকে পাকিস্তানের নেতৃত্ব দেন।

আগের দিন শুক্রবার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেন ইসাহাক দার।