২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে বিদ্রোহী হয়ে বহিষ্কৃত নেতার চাঁদা পরিশোধ

বিএনপি চেয়ারম্যানসহ নেতাদের চারটি চিঠিও দিয়েছেন সাবেক কেন্দ্রীয় নেতা টিপু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2026, 08:34 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

বিদ্রোহী হিসেবে নাটোর-১ আসনে নির্বাচন করে বিএনপি থেকে বহিষ্কার হওয়া সাবেক সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বকেয়া চাঁদা পরিশোধ করেছেন।

মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে কয়েক মাসের বকেয়া চাঁদা দেন তিনি।

এসময় ‘সমর্থক হিসেবে’ দলের পাশে থাকার কথা তুলে ধরে দলের চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটি বরবার চারটি চিঠি অফিস কর্মীদের কাছে হস্তান্তর করেন তিনি।

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নাটোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নেওয়ায় ২১ জানুয়ারি দল টিপুকে বহিষ্কার করে। ওই আসনে ধানের শীষের প্রার্থী ফারজানা শারমিন পুতুল বিজয়ী হয়ে সরকারে প্রতিমন্ত্রী হয়েছেন।

বিএনপির সাবেক এই কেন্দ্রীয় নেতা মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন। 

পরে টিপু সাংবাদিকদের বলেন, ‘‘স্বতন্ত্র নির্বাচন করায় সাংগঠনিক নিয়মে ২১ জানুয়ারি থেকে আমি আর দলের সহ দফতর সম্পাদক পদে নেই। দীর্ঘদিন অফিসের দায়িত্ব পালনের কারণে কিছু নিয়ম-কানুন ছিল এবং তার কিছু মাসিক চাঁদা ২১ জানুয়ারি পর্যন্ত বকেয়া ছিল, সেগুলো আজ পরিশোধ করলাম। একই সঙ্গে অফিসে তার যত দায়-দায়িত্ব ছিল, সেগুলোও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করলাম।

‘‘জীবনের ৪৩ বছর বিএনপিতে কাজ করেছি এবং দীর্ঘদিন দাপ্তরিক দায়িত্বও পালন করেছি। দায়িত্ব পালনকালে দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবংর বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের স্নেহ-ভালোবাসা-আদর পেয়েছি। তারেক রহমান আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই।”

একই সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভীসহ স্থায়ী কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদেরকে পৃথক চিঠি দেওয়ার কথা বলেন।

বহিষ্কৃত এ নেতা বলেন, “চেয়ারম্যান মহোদয়ের কাছে চিঠিতে বলেছি, সমর্থক হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত দলের পাশে থাকব।”