নিজেদের ‘বড় মাফিয়া’ বলা এনসিপি নেতাকে শোকজ
তার বক্তব্য জনপরিসরে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে, দলকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে, বলছে এনসিপি।
চট্টগ্রামে ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ‘আমাদের চেয়ে বড় মাফিয়া নেই’ বলে মন্তব্য করা জাতীয় নাগরিক পার্টি—এনসিপির নেতা জোবাইরুল আলম মানিককে শোকজ করা হয়েছে।
দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত মঙ্গলবার চিঠিটি পাঠান, যেখানে তিন দিনের মধ্যে দলের ওই কেন্দ্রীয় সদস্যকে নিজের বক্তব্য জানাতে বলা হয়েছে।
জোবাইরুল আলম মানিকের বক্তব্যকে ‘আপত্তিকর ও অসাংগঠনিক’ অভিহিত করে চিঠিতে হয়েছে, “আপনার এমন বক্তব্য জনপরিসরে এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং দলকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে।”
‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে’ তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ‘যথাযথ ব্যাখ্যা’ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল-আমিনকে লিখিতভাবে পাঠাতে হবে মানিককে।
গত সোমবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে দলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিক।
সেদিন তিনি বলেন, “আমরা জুলাই অভ্যুত্থান সফল করেছি। বিগত ১৬ থেকে ১৭ বছর কেউ এ নেতৃত্ব দিতে পারেনি। এটি একটি রাজনৈতিক বিপ্লব।
“কেউ যদি বলে যে শিক্ষার্থীরা তাদের কাজ শেষ করেছে, তারা ক্যাম্পাসে ফিরে যাক, আমরা বলব, বিগত ১৬ বছরের একজন মাফিয়াকে হটাতে পারছি। আমাদের বুঝ দিয়ে আবার যদি কেউ মাফিয়া হতে চায়, তাদের বলব, আমাদের চেয়ে বড় মাফিয়া নেই।”
