২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে জুবাইদা-জাইমা

পরে সেখানে তাদের সঙ্গে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2025, 06:28 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

ঢাকায় পৌঁছার পর গুলশানের বাসায় ঘণ্টা দুয়েক বিশ্রাম নেওয়ার পর শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে মেয়ে জাইমা রহমানকে নিয়ে গিয়েছেন জুবাইদা রহমান।

তারা বিকাল ৫টার পর হাসপাতালে পৌঁছান। পরে সেখানে তাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাকে দেখতে তিনি হাসপাতালে পৌঁছান ৫টা ৫০ মিনিটের দিকে।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা শেষে তারেক একই গাড়িতে করে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে যান। নেতাকর্মীদের ব্যাপক জমায়েতের কারণে এ পথে যেতেও তার গাড়ি বহরের গতি ছিল ধীর।

এর আগে বেলা পৌনে ১২টার দিকে স্বপরিববারে লন্ডন থেকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। আর তার স্ত্রী জুবাইদা ও মেয়ে জাইমা বিমানবন্দর থেকে যান গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে। 

অপরদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রওনা দেন ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চের দিকে। সেখানে দলের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয় এবং নেতাকর্মীরা তার অপেক্ষায় ছিলেন।

আর মা ও মেয়ে বিমানবন্দর থেকে দুপুর আড়াইটায় বাসায় পৌঁছান। বিএনপির ফেইসবুক পেইজের ভিডিওতে দেখা যায়, তাদের পাশাপাশি তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু ছিলেন গাড়িতে। পরে জুবাইদা ও জাইমা বিকাল ৪টার পর এভারকেয়ারে যান বলে বিএনপির ফেইসবুক পেইজের লাইভে বলা হয়।