হাদির মৃত্যুতে তারেক: ‘সুদূরপ্রসারী নীলনকশা বাস্তবায়ন করতেই এ রক্তপাত’
“গণতন্ত্র ও দেশের যারা শত্রু, তারাই হাদিকে গুলি করেছে,” বলেন তিনি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার এক শোকবার্তায় হাদির আত্মার মাগফেরাত এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
শোকবার্তায় তারেক রহমান বলেন, ‘‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, কিছু দুর্বৃত্ত চক্র পরিকল্পিতভাবে দেশব্যাপী খুন, জখম চালাচ্ছে। কোনো সুদুরপ্রসারী নীলনকশা বাস্তবায়নের জন্যই এই রক্তপাত। গণতন্ত্র ও দেশের যারা শত্রু, তারাই শরিফ ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করার পর আজ সিঙ্গাপুরে তার মৃত্যু হয়।“
এই ‘নিবেদিত তরুণ’ রাজনীতিকের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুস্কৃতিকারিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
এক সপ্তাহ আগে ভোটের প্রচারে গিয়ে হামলার শিকার হওয়া হাদি বৃহস্পতিবার সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “এটি একটি চক্রান্তমূলক রাজনৈতিক হত্যা। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর ষড়যন্ত্রকারী দুর্বৃত্তরা আবারো দেশে দু:শাসন কায়েমের জন্য রক্ত ঝরাচ্ছে। ষড়যন্ত্রকারী দুস্কৃতিকারিরা দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতায় লিপ্ত হয়েছে।“
“গণতন্ত্রকে ধ্বংস এবং ভোট ও নির্বাচনকে বানচাল করতেই হাদির ওপর হামলা। এসব দুস্কৃতিকারীর কঠোর হস্তে দমন করতে না পারলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখোমুখি দাঁড়াবে। ষড়যন্ত্রকারীরা ওঁত পেতে বসে রয়েছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে। সকলে ঐক্যবদ্ধভাবে এই রক্তপিপাসু সন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে।”
