২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়ন ঘিরে সহিংসতা: মেহেরপুরের ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

দলের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পর সোমবার রাতেও বিক্ষোভ-ভাঙচুরের ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2025, 10:49 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

দলীয় মনোনয়নকে কেন্দ্র করে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ, দলের কার্যালয় ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেহেরপুর জেলা ও গাংনী উপজেলা বিএনপির সভাপতিসহ চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

মঙ্গলবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান।

বহিষ্কৃততরা হলেন, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, দলের গাংনী উপজেলা শাখার সভাপতি আফাজ উদ্দিন কালু, মেহেরপুর জেলা যুব দলের সাধারণ সম্পাদক কাউসার আলী, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা।

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার বিকালে বিএনপির ২৩৭ প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মেহেরপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের নাম ঘোষণা করা হয়। দলের জেলা কমিটির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন সেখানে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। 

সেদিন রাতেই মিল্টনের সমর্থকরা বিএনপি প্রার্থী আমজাদ হোসেনকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ ও ভাঙচুর করেন। তারই ধারাবাহিকতায় এদিন সকালে সড়ক অবরোধ, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় চারজন নেতাকে বহিষ্কারের কথা জানিয়ে বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, “মঙ্গলবার সকালে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে মেহেরপুর জেলার গাংনীতে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের গাংনী বাজার এলাকায় সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধ, পার্টি অফিস ভাঙচুরসহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় তাদের প্রাথমিক সদস্যপদ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”

আরও পড়ুন:

বিএনপির মনোনয়ন: মেহেরপুরে দুপক্ষে সংঘর্ষ, ভাঙচুর-অবরোধ