ফেইসবুকে আওয়ামী লীগের জরিপে ১৮ হাজার ‘হা হা’
ফেইসবুকে ‘জনমত জরিপ’ শিরোনামে ওই পোস্টে জানাতে চাওয়া হয়, স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ সমর্থন করেন কি না।
স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের সরকারি আদেশে অপসারণের সিদ্ধান্তের সঙ্গে জনগণ একমত কিনা জানতে চেয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছিল আওয়ামী লীগ; তাতে ফল হয়েছে উল্টো।
সোমবার দলটির ফেইসবুক পেইজে চালানো ওই পোস্ট ‘হা হা’ প্রতিক্রিয়া দিয়েছেন ১৮ হাজার মানুষ। সেই সঙ্গে ২৯ হাজার মন্তব্যকারীর বেশিরভাগই অপসারণের সিদ্ধান্ত সমর্থন করেছেন।
ফেইসবুকে ‘জনমত জরিপ’ শিরোনামে ওই পোস্টে জানাতে চাওয়া হয়– ‘দেশের সব উপজেলা, পৌরসভা, সিটি করপোরেশন, জেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ কি আপনি সমর্থন করেন?’
মঙ্গলবার বিকেল পর্যন্ত পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন ৩৭ হাজার মানুষ, যাতে লাইক দিয়েছেন ১৩ হাজার, কষ্টের প্রতিক্রিয়া দেখিয়েছেন ৩ হাজার ৭০০ জন, রাগের প্রতিক্রিয়া আছে ১৩৪ জনের, আর ভালোবাসা জানিয়েছেন দিয়েছেন ৩৬৫ জন। সবচেয়ে বেশি ১৮ হাজার ব্যবহারকারী দিয়েছেন ‘হা হা’ প্রতিক্রিয়া।
পোস্টটিতে কটাক্ষ করে মন্তব্য করেছেন অনেক ফেইসবুক ব্যবহারকারী। আবুল কাসেম আদিল নামের একজন মন্তব্য করেছেন “সবগুলো একপাক্ষিক নির্বাচন ছিল। কাজেই সমর্থন করি।”
ছাত্র-জনতার প্রবল আন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। দলটির সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান।
এরপর সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে পরিবর্তনের হিড়িক শুরু হয়। আন্দোলনের মুখে অনেকে পদত্যাগ করেন, অনেককে সরিয়ে দেওয়া হয়।
সোমবার স্থানীয় সরকারের বেশিরভাগ নির্বাচিত জনপ্রতিনিধিকে অপসারণের সিদ্ধান্ত জানায় অন্তর্বর্তীকালীন সরকার। তাতে সিটি মেয়রসহ স্থানীয় সরকারের চার স্তরে সব মিলিয়ে ১ হাজার আটশ জনের বেশি জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়।
এদের মধ্যে আছে ১২টি সিটি করপোরেশনের মেয়র, প্রায় পাঁচশ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, তিন শতাধিক পৌর মেয়র এবং ৬১ জন জেলা পরিষদের চেয়ারম্যান রয়েছেন।
