২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়ের সুফল পেতে ধৈর্য ধরতে বললেন সালাহ উদ্দিন

বিমান বন্দর থেকে সরাসরি জিয়াউর রহমানের কবর জিয়ারতে যান সালাহ উদ্দিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2024, 07:56 PM

Updated : 26 Aug 2026, 10:13 AM

গণতান্ত্রিক কাঠামো সংস্কার করে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করলেন নয় বছর পর দেশে ফেরা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।

রোববার দেশে ফিরে শাহজালাল বিমান বন্দর থেকে সরাসরি চন্দ্রিমা উদ্যোনে জিয়াউর রহমানের কবর জিয়ারত করে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন। 

এ সময় তিনি বলেন, “প্রথমেই এদেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে অভিনন্দন জানাই যারা বুকের তাজা রক্ত দিয়ে দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, প্রকৃত স্বাধীনতা এনেছে এবং নতুন বিজয় দিবস আমাদেরকে উপহার দিয়েছে।”

তিনি বলেন, “এই স্বাধীনতাকে, এই বিজয়কে আমাদের অর্থবহ করতে হবে। এদেশের সুষ্ঠু গণতান্ত্রিক কাঠামোগুলো সুন্দরভাবে সংস্কার করে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এদেশের জনগণকে উপহার দিতে হবে। এদেশের জনগণ যাতে স্বাধীনতা, গণতন্ত্র এবং এই বিজয় দিবসের সুফল ভোগ করতে পারে সেজন্য আমি সর্বস্তরের জনগণকে আহ্বান জানাব, আপনারা ধৈর্য ধরুন, আপনারা শৃঙ্খলা ফিরিয়ে আনুন।”

ফ্যাসিবাদের অবসানের প্রসঙ্গ টেনে সালাহ উদ্দিন বলেন, “একক রাজত্বের জন্য, একক শাসনের জন্য, একক কর্তৃত্ববাদের জন্য যারা বাংলাদেশে রাজনীতি করবে, তাদের কোনো জায়গা এ দেশে হবে না।

“এই দেশ একক কোনো ব্যক্তির নেতৃত্বে স্বাধীন হয় নাই, বাংলাদেশের সমস্ত মানুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে। স্বাধীনতা কোনো একক দলেরও হতে পারে না্, কোনো একক ব্যক্তিরও হতে পারে না। এই মুক্তি, এই বিজয় আমাদের সকলেরই, আমাদের সকলের এদেশকে হেফাজত করতে হবে।”

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, সুলতান সালাউদ্দিন টুকু, রফিকুল ইসলাম, মাহবুবুল হক, এসএ জাহাঙ্গীর, মহানগর বিএনপির সাইফুল আলম নিরব, আমিনুল হক, যুব দলের মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, ছাত্র দলের নাছির উদ্দীন নাসির প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ২টা ১৬ মিনিটে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন সালাহ উদ্দিন আহমেদ। 

আরও পড়ুন

৯ বছর পর দেশে ফিরেছেন বিএনপি নেতা সালাহ উদ্দিন