২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া, খালেদার মত তারেকও জ্বলজ্বল করবেন: টুকু

“তারেক রহমান সাহেব তার কর্মের মাধ্যমে–আমি তো বিশ্বাস করি–আগামী একশ বছর বেঁচে থাকবেন।”

জিয়া, খালেদার মত তারেকও জ্বলজ্বল করবেন: টুকু
ইকবাল হাসান মাহমুদ টুকু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2026, 07:38 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

তারেক রহমান ‘তার কর্মের মাধ্যমেই দেশের অপ্রতিদ্বন্দ্বী নেতা হবেন’ বলে আশা প্রকাশ করেছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার দুপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ‘২০তম কারাবন্দি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “আজকে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। দেশ পরিচালনার দায়িত্ব হাতে নিয়েছেন। আল্লাহর রহমতে একটা কথা খুব দৃঢ়তার সাথে বলতে পারি, আমরা যে স্বল্প সময়ে উনার নেতৃত্বে কাজ করছি, তারেক রহমানের সাহেব এই ২০ দিনে তার বলনে-চলনে-কর্মে বাংলাদেশে একটা আস্থার স্থল হয়ে গেছেন। 

“সেই আস্থার স্থলের সোলজার হচ্ছেন আমাদের দলের নেতৃবৃন্দ। সেই সোলজারদেরকেও জনগণের কাছে আস্থার জায়গায় যেতে হবে।”

তিনি বলেন, “সবাই যদি আমরা জনগণের আস্থা গ্রহণ করতে পারি, তাহলেই তারেক রহমান বাংলাদেশের আনচ্যালেঞ্জড লিডার হবেন এবং তারেক রহমান সাহেব তার কর্মের মাধ্যমে–আমি তো বিশ্বাস করি–আগামী একশ বছর বেঁচে থাকবেন। যেমন জিয়াউর রহমান সাহেব বেঁচে আছেন, যেমন বেগম খালেদা জিয়া বেঁচে আছেন, তারেক রহমানও বাংলাদেশের রাজনীতিতে তারার মত জ্বল জ্বল করে জ্বলবেন।”

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “আসুন আমরা সবাই আল্লাহর কাছে এই রোজার দিনে মোনাজাত করি যে, তারেক রহমান যেন বাংলাদেশের জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া মত একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে বাংলাদেশে বিরাজ করে… এই আশা আমি রাখতে চাই।”

২০০৭ সালের ৭ মার্চ ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসা থেকে তারেক রহমানকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে বিভিন্ন মামলায় তাকে একাধিক দফা রিমান্ডে নেওয়া হয়। 

বিএনপি নেতাদের অভিযোগ, রিমান্ডে থাকাকালে নির্যাতনের শিকার হন তিনি। প্রায় ১৮ মাস কারাগারে থাকারপর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি উচ্চ আদালতের জামিনে মুক্তি পান এবং উন্নত চিকিৎসার জন্য লন্ডনে চলে যান।

তার গ্রেপ্তার হওয়ার দিনটির স্মরণে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।  

‘এক-এগারোর স্মৃতি’

২০০৭ সালের ১১ জানুয়ারির পরের অবস্থার স্মৃতিচারণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য টুকু বলেন, “আমি বসে বসে বলছিলাম যে, দেখতে দেখতে ২০ বছর হয়ে গেল। আমাদের জীবন থেকে শেখ হাসিনা ২০ বছর কেড়ে নিয়েছে। আমি বলছিলাম, যখন আমরা বন্দি হয়েছিলাম, আমাদের চেয়ারম্যান বন্দি ছিলেন, তখন আমরা সবাই তরুণ ছিলাম। 

“এই ২০ বছরের ব্যবধানে আমরা এখন বৃদ্ধে রূপান্তরিত হয়েছি। কিন্তু একটা জিনিস মনে করে খুশি লাগে যে, আল্লাহতায়ালা কোরআন শরীফে যিনি বারে বারে বলেছেন যে, ‘ঈমান সত্য রাখো, আমি কষ্ট দিই, কষ্টের পরে আমি পুরস্কার দিই’।”

জ্বালানি মন্ত্রী বলেন, ‘‘আজকে ২০ বছর আমরা কষ্ট করেছি। আমি রুমনকে (প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব) বলছিলাম, যেদিন থেকে আমরা কারাবরণ দিবস পালন করি, প্রত্যেকটি কারাবরণ দিবসে আমি উপস্থিত থেকেছি। শুধু দুইটা বছর আসতে পারি নাই শেখ হাসিনা আমাকে নয় বছরের কারদণ্ড দেওয়ায়।”

তিনি বলেন, “এক এগারো সৃষ্টি হয়েছিল বিএনপিকে ধ্বংস করার জন্য। সেজন্যই তারা তারেক রহমানকে গ্রেপ্তার করেছিল, আমাদেরকে গ্রেপ্তার করেছিল এবং আমাদের প্রত্যেককে মানসিকভাবে নির্যাতন করেছিল।

“কিন্তু নির্যাতন করার পরেও শত প্রলোভন দেখানোর পরেও তারেক রহমানকে তাদের কব্জায় আনতে পারে নাই। তেমনি তার কর্মী হিসাবে আমাদেরকে তারা ক্রয় করতে পারে নাই। পরে আমাদেরকে বিভিন্ন মেয়াদের জেল দিয়েছে, জেল দিয়েও আমাদের মাথা নত করতে পারে নাই। আমরা মাথা উঁচু করে ছিলাম।”

টুকু বলেন, “মাথা উঁচু করে ছিলাম বলেই আজকে বিগত নির্বাচনে বাংলাদেশের মানুষ পরিষ্কার ম্যান্ডেট দিয়েছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে। আমরা শুধু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাই পাই নাই, ২০০ ছাড়িয়ে ২০৯টা গিয়েছি আমরা। এবং অনেক জায়গায় আমাদেরকে ৭০০/৮০০ ভোটে হারানো হয়েছে। সেগুলো যোগ হলে ২২০ ছাড়িয়ে যেত। আস্থা আমাদের প্রতি মানুষ রেখেছে। সেই আস্থাকে মূল্যায়ন করলেই আমাদের এই আজকের কারাবরণ দিবস, সেই দিবস সার্থক হবে।”

তারেক রহমানের নেতৃত্বে কর্মক্ষমতা পুরোটা দিয়ে মানুষের জন্য কাজ করার প্রত্যয় জানান জ্বালানি মন্ত্রী। 

তিনি বলেন, “আমরা এমন একটা পরিস্থিতিতে সরকার গঠন করেছি, তার কয়দিন পরেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। একটা অর্থনীতির চলার যে শক্তি, যে এনার্জি, সেটার উৎপত্তিস্থল হচ্ছে মধ্যপ্রাচ্য। আমরা এসে সরকার পেয়েছি একটা ভঙ্গুর অবস্থায়। ঋণে জর্জরিত একটা বাংলাদেশ, যেখানে হাত দেওয়া যায় সেখানেই বকেয়া ঋণ, সেই অবস্থায় আমরা পড়েছি।”

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জরুরি অবস্থার সময় গ্রেপ্তার তারেক রহমানের ওপর ‘নির্যাতনের’ কথা বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন। 

তিনি বলেন, “সম্পূর্ণ অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছিলে। গ্রেপ্তারের আগে আমার সাথে উনার সর্বশেষ কথা হয়। কারাগার, কারা হেফাজতে উনার ওপর কী অমানসিক নির্যাতন হয়েছে, সেটা দেশের মানুষ সবাই জানে। জনগণে দোয়া ছিল তারেক রহমানের প্রতি, সেটা আজকে স্পষ্ট।”

সংঠনের সভাপতি ইমতিয়াজ রাজা সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির এমপি আমিরুল ইসলাম খান আলিম, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমানসহ উত্তরাঞ্চলে ছাত্র ফোরামের নেতারা বক্তব্য রাখেন।