১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ দলের বৈঠক বিকাল থেকে

বিএনপির বৈঠকের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2025, 12:25 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

নির্বাচন ও সমসাময়িক বিষয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে রোববার পৃথক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস।

এদিন বিকাল থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব বৈঠক হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাল সাড়ে ৪টায় জামায়াতে ইসলামী, সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সাথে বৈঠক বসবেন প্রধান উপদেষ্টা। যমুনায় এসব বৈঠক অনুষ্ঠিত হবে।”

এদিন বিকাল ৩টায় বিএনপির সঙ্গে সরকারপ্রধানের বৈঠক হওয়ার কথা ছিল। একই সময়ে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা থাকায় সূচি পরিবর্তনের অনুরোধ জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিএনপির সঙ্গে বৈঠকের সূচি পরিবর্তনের সিদ্ধান্ত হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের ডেকেছেন। বর্তমানের উদ্ভূত পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন পরিস্থিতি নিয়ে হয়তো আলাপ হতে পারে।

“উনারা ৩টার সময় ডেকেছেন। ওই সময় আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আছে। এটা পূর্বনির্ধারিত। ফলে বিকাল ৩টায় নির্ধারিত বৈঠকটি পুনর্নির্ধারণ করা হয়েছে; বিএনপির প্রতিনিধি দল যাবে সাড়ে ৭টায়।”

শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ ঘিরে যৌথবাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হয়। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি ওঠায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে।

প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধান উপদেষ্টা আমাদেরকে ডেকেছেন সাড়ে ৪টায়। আমরা চার সদস্যের প্রতিনিধি দল যাব।”

তাহেরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলের থাকবেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। 

“আমন্ত্রণের বার্তায় বলা হয়েছে, বৈঠকে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এনসিপির সঙ্গে সন্ধ্যা সাড়ে ৬টায় বসবেন প্রধান উপদেষ্টা।”