জামায়াত ভোট না করে ‘কই যাবে’, আন্দোলন কার বিরুদ্ধে: প্রশ্ন ফারুকের
“পাকিস্তানি সৈন্যদের বাড়ি দেখিয়ে দেওয়া, অমুক ছেলে মুক্তিযুদ্ধে গিয়েছে, তাদের বাড়ি পুঁড়িয়ে দেওয়া এসব কাজের অংশীদার ছিলেন আপনারা,” বলেন তিনি।
জামায়াতে ইসলামী ‘নির্বাচন করবে, না করে উপায় নেই’ মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।
তাই জামায়াতের কোনো ‘ষড়যন্ত্রই’ সফল হবে না বলে মনে করেন তিনি।
রোববার দুপুরে এক আলোচনা সভায় ফারুক বলেন, “ষড়যন্ত্র করছেন, একবার পিআর ছাড়া নির্বাচনে যাব না, একবার গণভোট আলাদাভাবে না হলে নির্বাচন করবো না বলছেন।
“আসল কথা নির্বাচন করবেন। নির্বাচন না করে কই যাবেন? আন্দোলন করবেন কার বিরুদ্ধে? অধ্যাপক মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে, এই ইউনুস সরকার কে? ছাত্র-জনতার অভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধদের রক্তে অর্জিত সরকারের প্রধান, এটা স্মরণ রাখতে রাখবেন।”
জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে গণভো আয়োজনসহ বিভিন্ন বিষয়ে বিএনপি ও জামায়াত ইসলামীর মতবিরোধ রয়েছে।
এসব দাবিতে জামায়াতের ইসলামীসহ আট দলের বিক্ষোভ করেছে। তবে সরকার নির্বাচন ও গণভোট একই দিনে একসঙ্গে করার ঘোষণা দিয়েছে।
জামায়াত বলেছে, তাদের পাঁচ দফা দাবি অব্যাহত থাকবে।
নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র সফল হবে না বলেও নিজের দৃঢ় বিশ্বাস তুলে ধরে তুলে ধরে বিএনপি নেতা ফারুক বলেন, “গত দুইদিন আগে, যাকে আমরা সারা বাংলাদেশের মানুষ সমর্থন দিয়ে সরকারে বসিয়ে রেখেছি…পৃথিবীর ইতিহাসে যিনি বাংলাদেশের সুনাম অর্জন করে বাংলাদেশে এসেছেন, সেই অধ্যাপক মুহম্মদ ইউনুস সাহেব বলেছেন, বাংলাদেশে সুষ্ঠ নির্বাচন হবে।”
জামায়াতে ইসলামীর অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, “যারা ১০ বছর নিষ্ক্রিয় ছিলেন, আওয়ামী লীগের সাথে আঁতাত করে মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য সুযোগ খুঁজেছেন, আজকে তারা কয়েকটি দল মিলে একত্রিত হয়ে বাংলাদেশের নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছেন।
“আমরা যারা ছেড়া প্যান্ট পড়ে অস্ত্র হাতে যুদ্ধ করেছি, সেদিনকার কথা মনে পড়লে আপনাদের অত্যাচার-অবিচার, পাকিস্তানি সৈন্যদের বাড়ি দেখিয়ে দেওয়া, অমুক ছেলে মুক্তিযুদ্ধে গিয়েছে, তাদের বাড়ি পুঁড়িয়ে দেওয়া এসব কাজের অংশীদার ছিলেন আপনারা।”
“যখন বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দেওয়া হয় তখন আপনারা কোথায় ছিলেন? …আপনারা আঁতাত করে এই ফ্যাসিস্টের সাথে বাংলাদেশে একবার নির্বাচনেও গিয়েছেন।”
জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাতীয়তাবাদী বাস্তহারা দল এর উদ্যোগে ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বাস্তহারাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার দেশে একটি কার্যকর সংসদ, সুশাসন প্রতিষ্ঠা ও স্বাধীন বিচার বিভাগ ও গণমাধ্যম প্রতিষ্ঠা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ফারুক।
‘হাসিনাকে ফেরত দিতে হবে’
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফারুক।
তিনি বলেন, রায় হয়েছে, রায় কার্যকর করতেই হবে।
শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়ে ফারুক বলেন, “যদি বন্দি বিনিময় চুক্তি রাখতে চান, বন্ধুত্ব রাখতে চান, যদি এদেশের মানুষের সাথে বন্ধুত্ব করতে চান, হাসিনার সাথে না, আন্তর্জাতিক নিয়ম অনুসারে বন্দি চুক্তির বিনিময়ে অনতিবিলম্বে হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে।”
বাস্তহারা দলের সভাপতি শরীফ রাগিবের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, বাস্তহারা দলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী বক্তব্য রাখেন।
