২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফ্যাসিবাদী দল’ রাজনীতিতে আসতে পারবে কি না, সিদ্ধান্ত জনগণই নেবে: উপদেষ্টা

“এটি যেহেতু ছাত্র-জনতার অভ্যুত্থানের সরকার। তাই আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত, বিচার নিশ্চিত হওয়া পর্যন্ত তাদের পুর্নবাসনের সুযোগ নেই,” বলেন তিনি।

‘ফ্যাসিবাদী দল’ রাজনীতিতে আসতে পারবে কি না, সিদ্ধান্ত জনগণই নেবে: উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা শেষে বৃহস্পতিবার বৈঠকের বিষয়ে তুলে ধরেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2024, 12:11 AM

Updated : 10 Sep 2026, 12:16 PM

তুমুল ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত ও গণহত্যার অভিযোগ ওঠা আওয়ামী লীগ ও তার রাজনৈতিক জোটের বিচার হওয়ার আগে রাজনীতিতে আসার বিষয়টি জনগণের সিদ্ধান্তের ওপরই ছেড়ে দেওয়ার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এক প্রশ্নে এ কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। 

কোনো দলের বিচারের আইন না থাকায় আওয়ামী লীগের বিচার কীভাবে হবে সেটি নিয়েও কথা বলেন তিনি।

এসময় সরকার পতনের দিন ৫ অগাস্ট ছাত্র-জনতার গণ আন্দোলনের বিজয়ের স্মারক হিসেবে গণভবনকে স্মৃতি জাদুঘরে রূপ দিতে এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের কথাও তুলে ধরেন উপদেষ্টা।

এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, “ফ্যাসিবাদী রাজনৈতিক দল ও জোট বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কি, পারবে না সেটা জনগণের উপর ছেড়ে দিলাম।

”তবে আমরা মনে করি কোনো পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা ভাবছি কীভাবে বাস্তবায়ন করা হবে এখনও সুনির্দিষ্ট আলোচনা হয়নি। তবে আমরা এটাকে সম্পূর্ণভাবে নিরুৎসাহিত করব। বিচার করার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে। আইন মন্ত্রণালয় কাজ করছে, মানবতাবিরোধী অপরাধ হিসেবে তাদের বিচার নিশ্চিত করা হবে।"

দলের বিচার করার কোনো আইন নেই। তাহলে আপনারা দলের বিচার কীভাবে করবেন এমন প্রশ্নে তিনি বলেন, দলের বিচারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। বিচারের বিষয়টি আইন মন্ত্রণালয় দেখছে। তারা দ্রুত একটা সুস্পষ্ট রূপরেখা সবার সামনে উপস্থাপন করবেন।

"তাহলে আওয়ামী লীগের বিচার কীভাবে হবে-এ প্রশ্নটা দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। যেহেতু একটা গণহত্যা আওয়ামী লীগ এদেশে ঘটিয়েছে, সেই গণহত্যার দায় নিয়ে তারা কীভাবে ফিরবে বা তাদের ফিরতে দেওয়া হবে কি না তা জনগণ সিদ্ধান্ত নেবে।"

ফ্যাসিবাদীদের পুর্নবাসনের কর্মসূচি দেওয়া হচ্ছে দাবি করে আসিফ মাহমুদ বলেন, “এটি যেহেতু ছাত্র-জনতার অভ্যুত্থানের সরকার। তাই আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত, বিচার নিশ্চিত হওয়া পর্যন্ত তাদের পুর্নবাসনের সুযোগ নেই।”

গণ আন্দোলন ও জনরোষের মুখে গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তিনি চলে যাওয়ার পরপরই জনতার রুদ্ররোষে তছনছ হয় পুরো গণভবন, লুটপাট হয় ভবন ও ভবন এলাকার সব কিছু।

গণভবনকে জাদুঘর বানানোর প্রসঙ্গে এক প্রশ্নে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “ইতিপূর্বে দক্ষিণ কোরিয়াসহ পৃথিবীর বিভিন্ন জায়গায় এমন হয়েছে। সেখান থেকে আমরা অভিজ্ঞতা নেব, কীভাবে একটি সুন্দর জাদুঘর এবং ফ্যাসিবাদী সময়ের অত্যাচারের স্মৃতি এবং আমাদের শহীদদের স্মৃতি সংরক্ষণে একটি সুন্দর জাদুঘর করা যায় এ বিষয়ে খুব দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে। গণপূর্ত মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ কাজ সম্পন্ন করবে।”

গণভবন হচ্ছে 'জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর'