১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ধর্মীয় ফ্যাসিবাদ’ জনগণ মানবে না: বাংলাদেশ জাসদ

দুর্গাপূজার মণ্ডপে সংগীতের নামে ‘ধৰ্মীয় অনুভূতিতে’ আঘাতের প্রতিবাদে ঢাকায় প্রতিবাদ সমাবেশ করেছে দলটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2024, 12:22 AM

Updated : 10 Sep 2026, 12:20 PM

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ’ফ্যাসিবাদ’ থেকে বেরিয়ে ‘ধর্মীয় ফ্যাসিবাদ জনগণ মানবে না‘ মন্তব্য করে বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন বলেছেন, এ চেষ্টাকে রুখে দিতে দেশের সব গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

দুর্গাপূজার মণ্ডপে সংগীতের নামে ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাতের প্রতিবাদে শনিবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় তিনি এ ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। 

মুশতাক হোসেন বলেন, "বৈষম্যবিরোধী আন্দোলন ছিল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনায় উদ্ভুদ্ধ। সেই আন্দোলনে কোন ধর্মীয় রাজনৈতিক শক্তি তাদের নিজের পরিচয়কে উন্মুক্ত রেখে যুক্ত হন নাই। আজ আন্দোলনে বিজয়ের পর ধৰ্মীয় শক্তি অরাজনৈতিক মঞ্চের এই আন্দোলনকে নিজেদের আন্দোলন বলে যে আস্ফালন করছে তা এদেশের ছাত্র জনতা মেনে নেবে না।

”ধৰ্মীয় উস্কানির মাধ্যমে এদেশের জনগণের ঐক্যকে বিভক্ত করার যেকোনো ষড়যন্ত্র ছাত্র জনতা রুখে দাঁড়াবে।”

চট্টগ্রাম নগরীতে গত বৃহস্পতিবার দুর্গাপূজার মণ্ডপে উঠে ইসলামি সংগীত পরিবেশন করে একটি সাংস্কৃতিক গোষ্ঠী। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হিন্দুরা; দেশজুড়ে সমালোচনাও তৈরি হয়।

‘সংগীতের নামে ধৰ্মীয় অনুভূতিতে আঘাতের‘ প্রতিবাদে বাংলাদেশ জাসদ জাতীয় প্রেস ক্লাবের সামনে এদিন মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে। পরে  দলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিষয়ে জানানো হয়। 

প্রতিবাদ সভায় অন্যান্য বক্তা দেশের আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মানুষের সামাজিক নিরাপত্তার বিষয়কে গুরুত্ব দিয়ে অন্তরবর্তী সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আব্দুস সালাম খোকন ও আসফাকুর রহমান সবুজের সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন 

কেন্দ্রীয় নেতা করিম সিকদার, মনজুর আহমেদ মনজু, রোকনুজ্জামান রোকন, মোঃ মহিউদ্দিন, ইসমাইল চৌধুরী, কাজী তোফায়েল আহমেদ, ছাত্রলীগ বিসিএল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাঈম হাছান।