২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংরক্ষিত আসন: মনোনয়ন ফরম বেচে আওয়ামী লীগের আয় পৌনে ৮ কোটি টাকা

১৪ ফেব্রুয়ারি দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন চূড়ান্ত হবে।

সংরক্ষিত আসন: মনোনয়ন ফরম বেচে আওয়ামী লীগের আয় পৌনে ৮ কোটি টাকা

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার মনোনয়ন ফরম বিক্রি চলে

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2024, 08:29 PM

Updated : 08 Mar 2024, 09:42 AM

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে প্রার্থী হতে আগ্রহী ১৫৪৯ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন; তাতে ক্ষমতাসীন দলটির আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

মঙ্গলবার থেকে আওয়ামী লীগের ফরম বিক্রির এ কার্যক্রম শুরু হয়; বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ ছিল। মনোনয়ন ফরমের মূল্য ছিল ৫০ হাজার টাকা।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ ফেব্রুয়ারি দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা হবে। সেখানেই মনোনয়ন চূড়ান্ত হবে।

বাংলাদেশের আইনে সাংসদের ৩০ আসনে সরাসরি ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হলেও নারীদের জন্য সংরক্ষিত ৫০ আসন বণ্টন হয় আনুপাতিক পদ্ধতিতে। সাধারণভাবে বললে, প্রতি ছয়টি আসনের বিপরীতে একটি দল বা জোট সংরক্ষিত একটি আসন পায়।

গত ৭ জানুয়ারি সংসদের ৩০০ আসনের মধ্যে ভোট হয় ২৯৯ আসনে। এর মধ্যে আওয়ামী লীগ ২২৩টি, ১৪ দলীয় শরিক জাসদ একটি, ওয়ার্কার্স পার্টি একটি, কল্যাণ পার্টি একটি আসন পেয়েছে। জাতীয় পার্টি ১১টি আসন পেয়ে আবারও প্রধান বিরোধী দল হয়েছে। তবে দ্বিতীয় সর্বোচ্চ ৬২টি আসন পেয়েছেন স্বতন্ত্র এমপিরা। 

Image

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

সংসদে নৌকা প্রতীকে জয় পাওয়া ২২৫ এমপির হিসেবে ক্ষমতাসীন আওয়ামী আনুপাতিক হারে নিজেরা পচ্ছে ৩৮টি সংরক্ষিত আসন। ৬২ স্বতন্ত্র এমপির সঙ্গে মতৈক্য হওয়ায় তাদের ভাগের ১০ আসনেও আওয়ামী লীগই প্রার্থী দেবে।

অর্থাৎ, আওয়ামী লীগ এবার পাচ্ছে ৪৮টি সংরক্ষিত আসন। বাকি দুটি সংরক্ষিত আসন পাচ্ছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। 

আগামী ১৪ মার্চ ভোটের দিন রেখে নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তবে মনোনয়নের বাইরে কারো প্রার্থী হওয়ার সুযোগ না থাকায় ভোটের আর প্রয়োজন পড়ে না।

৫০ আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যাদের মনোনয়ন দেবে, ২৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার দিনই তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

আরও পড়ুন:

পুরনো খবর:

স্বতন্ত্রদের ভাগ নিয়ে আওয়ামী লীগ পাচ্ছে ৪৮ সংরক্ষিত আসন
সংসদের সংরক্ষিত আসনে ভোট ১৪ মার্চ
সংরক্ষিত আসন: আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন অপু-নিপুণ-সাবা