১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খামেনির মৃত্যু: শোক বইয়ে জামায়াতের গোলাম পরওয়ারের সই

মুসলিম বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি, ন্যায়বিচার ও স্থিতিশীলতাও কামনা করেন গোলাম পরওয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2026, 03:18 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ইরানি দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার সকালে গুলশানের ইরানের দূতাবাসে শোক বইতে সই করেন তিনি।

গোলাম পরওয়ার। ইরানের জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং মধ্যপ্রাচ্যসহ পুরো মুসলিম বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি, ন্যায়বিচার ও স্থিতিশীলতাও কামনা করেন।

জামায়াতের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গোলাম পরওয়ার বলেন, মুসলিম উম্মাহর ইতিহাসে প্রভাবশালী মুসলিম ধর্মীয় নেতা ও নেতৃবৃন্দের অবদান সবসময়ই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। 

“তিনি দোয়া করে বলেন, মহান আল্লাহ যেন তাদের প্রতি তার অসীম রহমত নাযিল করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ও দৃঢ়তা দান করেন।

“বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও সহিংসতার কারণে অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে, যা অত্যন্ত বেদনাদায়ক। কোনো রাজনৈতিক লক্ষ্য বা স্বার্থ কখনোই নিরপরাধ মানুষের জীবনহানিকে বৈধতা দিতে পারে না।” 

তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম, প্রজ্ঞা ও মানবিকতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ সময় জামায়াতের আমির শফিকুর রহমানের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা মীর আহমেদ বিন কাশেম আরমান উপস্থিত ছিলেন।