অন্তর্বর্তী সরকারের কাছে ফখরুলের প্রত্যাশা, ‘দ্রুত নির্বাচন’
“যত দেরি হবে তত বিতর্ক সৃষ্টি হবে, ততই এ বাংলাদেশের শত্রুরা সংগঠিত হবে,” বলেন তিনি।
যত দ্রুত সম্ভব 'জঞ্জাল' পরিষ্কার করে নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকার দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলে আশা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর মাধ্যমে ‘নতুন বাংলাদেশের’ স্বপ্ন বাস্তবায়নে এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করেন তিনি।
শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাসানী অনুসারী পরিষদের আয়োজনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, "আমরা দেখেছি ১৫ বছর ধরে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা, গুম, হত্যা, ভয়াবহতার মধ্য দিয়ে একনায়কতন্ত্র ব্যবস্থার দিকে চলে যাচ্ছিল এই দেশ; গিয়েছিল প্রায়। তাই সরকারের কাছে প্রত্যাশা, যত দ্রুত সম্ভব এই জঞ্জাল পরিষ্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনবেন।"
মাওলানা ভাসানীকে স্মরণ করে তিনি বলেন, “মাওলানা ভাসানী একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের জন্য আমৃত্যু লড়াই করে গেছেন। তিনি একমাত্র নেতা যিনি সংগ্রামে জয়ী হয়েও কখনও ক্ষমতায় যাননি। পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই করে যুক্তফ্রন্ট ক্ষমতায় গেছে কিন্তু তিনি ক্ষমতায় বসেননি। এই মানুষটা সম্পর্কে আরো বেশি বেশি জোরালোভাবে কথা বলা দরকার।
"এই ধরনের নেতা বিরল। তিনি যে ঘরে থাকতেন সেটা ছিল একটা কুঁড়েঘর। সেখানে একটা কাঠের চৌকিতে তিনি বিশ্রাম নিতেন। এই লোকটিকে এই দেশ এই জাতি সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি। তাই আমরা যারা তার অনুসারী আছি তারা আসুন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তাকে আরও বেশি করে নতুন প্রজন্মের সামনে তুলে ধরি।"
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, "এ সরকারে যারা আছেন তারা সবাই যোগ্য লোক। ড. ইউনুসের কাছে প্রত্যাশা, দেশের যত জঞ্জাল তা যত দ্রুত সম্ভব সময়ের মধ্যে অপসারণ করে একটা নির্বাচনের মাধ্যমে তার দায়িত্ব পালন করবেন। অনেকে বলছেন বিরোধী দল শুধু নির্বাচন নির্বাচন করছে, কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা থেকেই নির্বাচনের কথা বলছি। একটা সুষ্ঠু নির্বাচিত সরকারই পারে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে।"
তিনি বলেন, "সংস্কারের জন্য এই সরকার অনেকগুলো কমিশন গঠন করেছে। তাদের প্রতি আমাদের এবং জনগণের আস্থা আছে। কিন্তু আমরা চাইব সেটা দ্রুত সম্পাদন করে নির্বাচনকেন্দ্রিক যে সংস্কার ব্যবস্থা সেটির মাধ্যমে আমরা আলোর দিকে এগিয়ে যাব।
“যত দেরি হবে তত বিতর্ক সৃষ্টি হবে, ততই এ বাংলাদেশের শত্রুরা সংগঠিত হবে। শেখ হাসিনা শক্তিশালী হয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ যত দ্রুত সম্ভব নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন, রোড ম্যাপ ঘোষণা করলেই অনেক বিতর্কের অবসান হয়ে যাবে এবং আস্থার সৃষ্টি হবে।"
