১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সরকারের প্রথম ১৮০ দিন ধ্বংস্তূপের জঞ্জাল পরিষ্কার করার পর্ব: তথ্যমন্ত্রী

“৫ অগাস্টের মধ্য দিয়ে তৎকালীন ফ্যাসিবাদী শাসনের পতন ঘটে এবং ফ্যাসিবাদের শিখন্ডীরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2026, 07:23 PM

Updated : 11 Sep 2026, 03:51 PM

বিএনপি সরকারের প্রথম ছয় মাসকে ধ্বংসস্তূপের জঞ্জাল পরিষ্কার করার পর্ব হিসেবে বর্ণনা করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেছেন, পরিকল্পনামাফিক পুনর্গঠনের কাজে নিয়ে যাওয়ার জন্য প্রথমদিকের একটি পর্ব এখন অতিক্রম করছি।

“এই পর্বে সেই ধ্বংসস্তূপকে—অর্থনীতি বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, রাষ্ট্রের প্রত্যেকটি অ্যাপারেটাসকে বলেন, প্রত্যেকটি অঙ্গ বলেন, প্রত্যঙ্গ বলেন, প্রতিটি জায়গায়—এটাকে আমাদেরকে প্রথমে ততটুকুভাবে বিনির্মাণ করতে হচ্ছে, যতটুকু বিনির্মাণ করতে পারলে আমাদের নেতার যে ঘোষিত ‘আই হ্যাভ এ প্লান’, সেই প্লানটাকে আমরা একটা কোর্স অব অ্যাকশনে নিতে পারি।”

সোমবার সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ড ও অগ্রগতি জনগণের সামনে তুলে ধরতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, “২০২৪ সালের ৫ অগাস্টের গণবিস্ফোরণ ও গণবিদ্রোহ ছিল জনগণের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। এর মধ্য দিয়ে তৎকালীন ফ্যাসিবাদী শাসনের পতন ঘটে এবং ফ্যাসিবাদের শিখন্ডীরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।”

জনগণের সেই ক্ষোভ থেকে উৎসারিত গণঅভ্যুত্থান ৫ অগাস্টকে একটি ঐতিহাসিক প্রতীকে পরিণত করেছে মন্তব্য করে স্বপন বলেন, “২০২৫ সালের ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঘিরে লাখো-কোটি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ভালোবাসা ও প্রত্যাশা ছিল সেই ক্ষোভের বিপরীতের আরেকটি প্রতীক।” 

জহির উদ্দিন স্বপন বলেন, “জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে, নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেট দিয়েছে এবং সেই ম্যান্ডেট নিয়ে জনাব তারেক রহমান সরকার পরিচালনা করছেন। 

“সরকার জানে যে জনগণের কাছে তাদের জবাবদিহিতার দায় রয়েছে। অবশ্যই সরকার জনগণের সামনে এসে নিয়মিত তার কর্মকাণ্ড তুলে ধরবে এবং যথাযথ প্রশ্নের উত্তর দেবে।”

নির্বাচনের আগে ঘোষিত বিএনপির পরিকল্পনা এবং নির্বাচনি ইশতেহার জনগণের জানা মন্তব্য করে তিনি বলেন, “ইশতেহারের কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হয়েছে, সেটিও ধারাবাহিক ভাবে জনগণের সামনে তুলে ধরা হবে। 

“তবে ২০২৪ সালের ৫ আগস্ট যে ধ্বংসস্তূপ ও ক্ষোভের বাস্তবতা তৈরি হয়েছিল, সেখান থেকে একটি কার্যকর রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার কাজকে সরকারকে জরুরি ভিত্তিতে অগ্রাধিকার দিতে হচ্ছে।”

সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বের আগে সরকারের ১৮০ দিনের কার্যক্রম ও সাফল্যের একটি পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

অনুষ্ঠানে অন্যদের বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আউয়াল।