২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐকমত্য কমিশনের ‘নিয়ত’ কী, প্রশ্ন সালাহউদ্দিনের

‘‘তারা চাচ্ছেন, সংবিধানে এমন সংস্কার ঢুকাব, কেউ যেন আর এই সংস্কার বিলুপ্ত করতে না পারে,” বলেন এ বিএনপি নেতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2025, 08:40 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

চলমান রাষ্ট্র সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের ‘নিয়ত’ কী, সেই প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার বিকালে ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘জাতীয় ঐকমত্য কমিশনের নিয়ত কী? সবাইকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে? এই যদি নিয়ত হয়, তাহলে কী ঐকমত্য হবে?”

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মারক প্রকাশনা উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। আয়োজক ছিল বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস নেটওয়ার্ক (ব্রেইন)।

সেখানে সালাহউদ্দিন বলেন, “বাংলাদেশে আমরা এখন সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি। সংস্কার এখন এমন অবস্থা হয়েছে যে, আমি মাননীয় সংস্কৃতি উপদেষ্টাকে বলছিলাম, একটা কবিতাই লিখে ফেলেন, ‘হে সংস্কার তোমাকে পাওয়ার জন্য, আর কতকাল আলাপ আলোচনা করিবে, খানাপিনা খাইবে সংস্কার করার জন্য’।”

“আমরা আলোচনা করছি; কাছাকাছি আসছি; জাতির জন্য যেটা মঙ্গল হবে, সেটা আমরা ধারণ করবে। এভাবেই আমরা এ সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাব এবং এই সংস্কার তো আজকেই শেষ হবে না; সংস্কার একটি চলমান প্রক্রিয়া।”

‘সংস্কার : কোনো বাইবেল নয়’

ঐকমত্য কমিশনের উদ্দেশে সালাহউদ্দিন বলেন, ‘‘এই সংস্কার এমনভাবে তারা করতে চাচ্ছেন যে, সংবিধানে আমরা এমন সংস্কার ঢুকাব, কেউ যেন আর এই সংস্কার বিলুপ্ত না করতে পারে। কিন্তু সেটা তো বাইবেল নয়, ধর্মগ্রন্থ নয়।

‘‘আমরা এমন সংস্কার করব, যে সংস্কার ১০-২০ বছর পর আপনাদের হাত ধরে, নতুন প্রজন্মের হাত ধরে নতুন চাহিদার ভিত্তিতে আবার সেটা পরিবর্তন হতে হবে…সেটাই হচ্ছে সংস্কার।”

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য দাবি করেন, “এই সংস্কারের মূল প্রবক্তা তো বিএনপি। আমরা এই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হওয়ার দেড় বছর আগে সংস্কার প্রস্তাব দিয়েছি। আমাদের ৩১ দফা বাংলাদেশের মানুষের কাছে, রাজনৈতিক মহলে একটা রাজনৈতিক মহাকাব্যে পরিণত হয়েছে।

“এখন এই সংস্কার আমরা যেন এভাবেই করি, আমরা প্রত্যেকেই যেন সংস্কার বাস্তবায়ন করে আরও এক জিন্দেগি বাঁচতে পারি, সেই সংস্কার আমরা চাই।”

তিনি বলেন, “আমরা ৩১ দফাতে এমন সব উইন্ডোজ ওপেন করে রেখেছি, যেখানে জাতির জন্য, জনগণের জন্য যা কিছুই কল্যাণকর হবে, সেই সমস্ত সংস্কার আমরা ধারণ করব।”

অনুষ্ঠানের শুরুতে জিয়াউর রহমানের ওপরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে জিয়াউর রহমানের ওপর সংকলিত স্মারক গ্রন্থ এবং জিয়াকে নিয়ে তৈরি ইন্টারনেট আর্কাইভ ও স্মারক গ্রন্থ উদ্বোধন করেন সালাহউদ্দিন।

ব্রেইনের সাঈদ আবদুল্লাহ‘র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক নিলোফার চৌধুরী মনি, সরকারি কর্ম কমিশনের সদস্য চৌধুরী সায়মা ফেরদৌস, লেখক মুসা আল হাফিজ ও ভয়েস ফর রিফর্ম প্ল্যাটফর্মের সহ-আহ্বায়ক ফাহিম মাশরুর।